নবীগঞ্জে ৫ হাজার ব্যক্তির বিরুদ্ধে মামলা

হবিগঞ্জের নবীগঞ্জে হামলা-ভাঙচুর ও নাশকতার অভিযোগ এনে ৩২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৪-৫ হাজার ব্যক্তিকে আসামি করে মামলা করা হয়েছে। গত মঙ্গলবার রাতে এ মামলা করে পুলিশ। বিরোধ নিষ্পত্তির লক্ষ্যে সাবেক সংসদ সদস্য শেখ সুজাত মিয়া ও সাবেক পৌরমেয়র ছাবির আহমদ চৌধুরীসহ স্থানীয় নেতারা গতকাল বুধবার সকালে আউশকান্দি বাজারে বিবদমান গ্রামের মুরব্বিদের সঙ্গে বৈঠক করেছেন।

নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুহুল আমিন জানান, গত ৪ জুলাই নবীগঞ্জ উপজেলা সদরের মধ্যবাজারে একটি ঘটনার জেরে আনমুন গ্রাম ও তিমিরপুর গ্রামের মানুষের মধ্যে সংঘর্ষ হয়। এ ঘটনায় এখনো সেখানে উত্তেজনা বিরাজ করছে। তাই গতকাল রাত ১২টা পর্যন্ত ১৪৪ ধারা বলবৎ থাকছে। তিনি আশা করছেন, বৃহস্পতিবার (আজ) থেকে পরিস্থিতি আরও ভালো হবে।

নবীগঞ্জ থানার ওসি শেখ মো. কামরুজ্জামান বলেন, ‘পরিস্থিতি শান্ত রয়েছে। ঘটনার সঙ্গে জড়িত থাকার দায়ে এ পর্যন্ত সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে।’