মাত্র এক মাস আগে ফ্রেঞ্চ ওপেনে সেমিফাইনালে মুখোমুখি হয়েছিলেন ইয়ানিক সিনার ও নোভাক জোকোভিচ। সেখানে বাজিমাত করেছিলেন তরুণ ইতালিয়ান—২৪ বারের গ্র্যান্ড স্ল্যামজয়ী সার্বিয়ান মহাতারকাকে হারিয়েছিলেন স্ট্রেট সেটে। এবার উইম্বলডনেও সেই একই মঞ্চে মুখোমুখি হতে যাচ্ছেন তারা।
আজ (বুধবার) নিজেদের কোয়ার্টার ফাইনালে জয় পেয়েছেন দুজনই। বিশ্বসেরা খেলোয়াড় সিনার যুক্তরাষ্ট্রের বেন শিলটনকে হারিয়েছেন ৭-৬ (৭/২), ৬-৪, ৬-৪ গেমে। অন্যদিকে, নোভাক জোকোভিচ হারিয়েছেন ইতালির ফ্ল্যাবিও কোবোলিকে ৬-৭ (৬/৮), ৬-২, ৭-৫, ৬-৪ গেমে।
কোবোলিকে হারিয়ে উইম্বলডনে রেকর্ড ১৪তম বার সেমিফাইনালে উঠলেন জোকোভিচ, যা পুরুষ এককে সর্বোচ্চ। পেছনে ফেলেছেন কিংবদন্তি রজার ফেদেরারের ১৩ সেমিফাইনাল। একইসঙ্গে, এটা হচ্ছে জোকোভিচের ক্যারিয়ারের ৫২তম গ্র্যান্ড স্ল্যাম সেমিফাইনাল, যা পুরুষদের টেনিস ইতিহাসেও রেকর্ড।
এবারের উইম্বলডনের অন্য সেমিফাইনালে মুখোমুখি হবেন গত দুই আসরের চ্যাম্পিয়ন কার্লোস আলকারাজ ও যুক্তরাষ্ট্রের পঞ্চম বাছাই টেলর ফ্রিটজ। ফলে দুটি সেমিফাইনালেই রয়েছে তরুণ-অভিজ্ঞতার দ্বৈরথ, তীব্র প্রতিদ্বন্দ্বিতার আভাস।
আগামী শুক্রবার উইম্বলডনের গ্রিন ঘাসের কোর্টে আবারও ইতিহাসের সাক্ষী হতে প্রস্তুত টেনিস দুনিয়া। সিনার পারবেন কি না আবারও জোকোভিচকে থামাতে, নাকি সেমিফাইনালের সেই 'ফ্রেঞ্চ অভিশাপ' এবার ভাঙবেন সার্বিয়ান কিংবদন্তি—তারই অপেক্ষা।