বাজে পারফরমেন্সের পরও বিসিবির দেখানো পথে বেতন বাড়াচ্ছে পিসিবি

গত মার্চে বাংলাদেশ জাতীয় দলের চুক্তিভুক্ত ক্রিকেটারদের বেতন-ভাতা বাড়িয়ে দিয়েছিল বিসিবি। যদিও দলের পারফর্মেন্সের অবস্থা তখনও খারাপ ছিল, দিনে দিনে আরও খারাপের দিকেই যাচ্ছে। পাকিস্তান ক্রিকেট দলের পারফর্মেন্সের গ্রাফও নিম্নমুখী। তবু বিসিবির দেখানো পথেই যেন বাবর আজমদের বেতন বাড়াতে যাচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

বার্তা সংস্থা পিটিআই জানিয়েছে, ২০২৪-২৫ অর্থবছরে কেন্দ্রীয় চুক্তিতে থাকা ক্রিকেটারদের বেতন ৩৭ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে পিসিবি। ইতোমধ্যেই বাজেট অনুমোদন হয়ে গেছে। ক্রিকেটারদের জন্য বার্ষিক বাজেট ধরা হয়েছে ১ হাজার ১৭৩ কোটি ৪৯ লাখ পাকিস্তানি রুপি। আগে কেন্দ্রীয় চুক্তিতে থাকতেন ২৫ জন, যা এখন বাড়িয়ে ৩০ জন করা হবে। তবে ঘরোয়া লিগের চুক্তিভুক্ত ক্রিকেটারদের জন্য দুঃসংবাদ আছে।

পিসিবির ঘরোয়া চুক্তির ক্ষেত্রে বাজেট কাটা হয়েছে প্রায় ৩৪ শতাংশ। আগে যেখানে এই বাজেট ছিল ৬৮ কোটি ৪০ লাখ রুপি। তা কমিয়ে করা হয়েছে ৪৫ কোটি রুপি। কেন্দ্রীয় চুক্তিতে নারী ক্রিকেটারদের সংখ্যা ১৬ থেকে বেড়ে ২৪ করা হচ্ছে। ঘরোয়া ক্রিকেটে নারীদের জন্য বাজেটও বাড়ছে, তবে সেটা মাত্র ৪ শতাংশ। তাতে বরাদ্দ দাঁড়িয়েছে ৩ কোটি ৭২ লাখ রুপি। এ ছাড়া পিসিবি ১২টি প্রথম শ্রেণির মাঠ রক্ষণাবেক্ষণের জন্য বরাদ্দ দিয়েছে ৯ কোটি ৩৬ লাখ রুপি।

সাম্প্রতিক সময়ে পাকিস্তান ক্রিকেট দলের সাফল্যের গ্রাফ নিম্মমুখী। গত টি-টোয়েন্টি বিশ্বকাপ ও চ্যাম্পিয়নস ট্রফির প্রথম রাউন্ডই পার হতে পারেনি। ঘরের মাঠে টেস্ট সিরিজে বাংলাদেশ কাছে ২–০ ব্যবধানে ধোলাই হয়েছে। সর্বশেষ ১২ মাসে পাকিস্তান ৯ টেস্ট খেলে জিতেছে মাত্র ৩টি, হেরেছে ৬টি। ১৭টিতে ওয়ানডেতে ৮ জয়ের বিপরীতে হেরেছে ৯টিতে। আর ১৬টি টি-টোয়েন্টির মধ্যে জিতেছে ৬টি, হেরেছে ১০টি। সব মিলিয়ে তিন সংস্করণে ৪২টি ম্যাচ খেলে ১৭টি জয়ের বিপরীতে হার ২৫টি।