ঘাটাইলে বাক ও শ্রবণ প্রতিবন্ধী তানিশা পেল জিপিএ-৫ 

ভাষা প্রকাশ করতে না পারলেও অধ্যাবসায় ও মনের ভাষা দিয়ে সাফল্য অর্জন করেছে টাঙ্গাইলের ঘাটাইলে বাক ও শ্রবণ প্রতিবন্ধী এসএসসি শিক্ষার্থী জাইমা জারনাস তানিশা। চলতি বছরে কারিগরি শিক্ষা বোর্ডের বিজ্ঞান বিভাগ থেকে পরীক্ষায় অংশ নিয়ে জিপিএ ৫ পেয়েছে সে।

জাইমা জারনাস তানিশা ঘাটাইল সালেহা ইউসুফজাই বালিকা উচ্চ বিদ্যালয়ের থেকে পরীক্ষায় অংশ নেয়। সে ঘাটাইল সদর ইউনিয়নের কমনা পাড়া গ্রামের জয়নাল আবেদীনের মেয়ে।

তার বাবা জামালপুর দেওয়ানগঞ্জের উপজেলা প্রকৌশলী জয়নাল আবেদীন। মা কমলা পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাফুজুন নাহার বিউটি। তালিশা ঘাটাইল ক্যান্টনমেন্ট এ প্রতিবন্ধী ও অটিজম শিক্ষার্থীদের প্রতিষ্ঠান প্রয়াসে সে শিশু শ্রেণি থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেছে।

তার এ সাফল্য বিদ্যালয়ের শিক্ষক বাসু দেব পাল বলেন, তানিশা অত্যান্ত মেধাবী। বাক প্রতিবন্ধী কোনো ব্যাপার নয়। সে আগামীতে আরো সাফল্য অর্জন করে জীবনে প্রতিষ্ঠিত হবে।

শিক্ষার্থীর মা মাফুজুন নাহার বিউটি বলেন, মেয়ের এমন ফলাফলে আমি খুশি। আমার মেয়ে যে জিপিএ-৫ পাবে আমি কল্পনাও করতে পারিনি। ভালো ফলাফলের জন্য আল্লাহর কাছে শুকরিয়া জানাই।

এ ব্যাপারে ঘাটাইল সালেহা ইউসুফজাই বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ নুরুজ্জামান বলেন, তানিশা নম্র ও ভদ্র স্বভাবের। তার অনেক চেষ্টা ছিল। আমরাও আন্তরিক ছিলাম। আমারও প্রত্যাশা ছিল তার প্রতি। আমরা আনন্দিত তার এমন ফলাফলে।