ঘাটাইলে অবৈধ সীসা কারখানা গুঁড়িয়ে দিল প্রশাসন

আপডেট : ০৯ নভেম্বর ২০২৬, ০৭:২৮ পিএম

টাঙ্গাইলের ঘাটাইলে পুরোনো ব্যাটারি থেকে সীসা উৎপাদনকারী একটি অবৈধ কারখানার বিরুদ্ধে উচ্ছেদ অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর।

সোমবার (৯ নভেম্বর) ঘাটাইল উপজেলার মালিরচালায় যৌথভাবে এ অভিযান পরিচালনা করা হয়। 

উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজ নূরী তাসমিন ঊর্মির নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত এ অভিযান পরিচালনা করেন।

অভিযানে ভেকু (এক্সকাভেটর) দিয়ে অবৈধ কারখানাটির সব স্থাপনা ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়। তবে অভিযানের সময় কারখানার কোনো মালিক বা স্বত্বাধিকারীকে উপস্থিত পাওয়া যায়নি। এ কারণে তাৎক্ষণিকভাবে কোনো জরিমানা করা বা মামলা দায়ের করা সম্ভব হয়নি।

অভিযানে পরিবেশ অধিদপ্তরের টাঙ্গাইল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক তাপস চন্দ্র পাল, পরিদর্শক মো. নুরুল আমিন প্রধানসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারী এবং ঘাটাইল উপজেলার বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা মো. এমরান আলী উপস্থিত ছিলেন। এ ছাড়া এসআরবি, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর এবং ঘাটাইল থানা পুলিশের সদস্যরা অভিযানে সার্বিক সহযোগিতা করেন।

পরিবেশ সুরক্ষায় টাঙ্গাইল জেলায় এ ধরনের অবৈধ কারখানার বিরুদ্ধে প্রশাসনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানানো হয়েছে।

 

সর্বশেষ সর্বাধিক পঠিত