প্রতিক্রিয়া

নির্বাচন নিয়ে পরাশক্তিগুলোর খেলা শুরু হয়েছে

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, আওয়ামী লীগকে নির্বাচনে আনতে আন্তর্জাতিক ষড়যন্ত্র চলছে। আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে পরাশক্তিগুলোর খেলা শুরু হয়ে গেছে।

গতকাল বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) উদ্যোগে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে সাংবাদিকদের ভূমিকা শীর্ষক এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। গোলাম পরওয়ার বলেন, ‘আওয়ামী দুঃশাসন ও ব্যক্তি হাসিনা বিদায় নিলেও আত্মতৃপ্তির সুযোগ নেই। প্রশাসনসহ সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতে ফ্যাসিবাদের দোসররা বসে আছে। মানবিক বাংলাদেশ বিনির্মাণে নির্বাচন প্রক্রিয়ার দিকে যখনই এগিয়ে যেতে চাচ্ছি, তখনই একটি অপশক্তি পদে পদে বাধা দিচ্ছে। আবারও পিছিয়ে যাচ্ছি।’

তিনি অভিযোগ করে বলেন, ‘ইনক্লুসিভ নির্বাচনের নামে আওয়ামী লীগকে নির্বাচনে আনতে আন্তর্জাতিক ষড়যন্ত্র চলছে। দিল্লির আধিপত্য প্রতিষ্ঠার সুযোগ সৃষ্টি হচ্ছে। নির্বাচন নিয়ে পরাশক্তির  খেলা শুরু হয়ে গেছে, তা এখন দৃশ্যমান। জুলাইয়ের আকাক্সক্ষা ধুলায় মিশিয়ে দিতে ষড়যন্ত্র চলছে।’

গোলাম পরওয়ার বলেন, ‘রাজনৈতিক দলগুলোর মধ্যে ভিন্ন মত থাকবে। কিন্তু প্রতিহিংসার কারণে কোনো দলের বিরুদ্ধে মিথ্যাচার করা উচিত নয়। কমন বিষয়গুলোতে সবাইকে এক থাকতে হবে।’

তিনি আরও বলেন, ‘সংস্কারকে কেন্দ্র করে রাজনৈতিক দলগুলোর মধ্যে নানা বিতর্ক সৃষ্টি হয়েছে। রাজনৈতিক দলগুলো বিভিন্ন বিষয়ে কথা বলবে, এর মানে এই না সেই দল নির্বাচন চায় না, নির্বাচন পিছিয়ে দিতে চায়। যখন আলোচনার কোনো বিষয় আসবে তখন বিতর্ক হতে পারে, নতুন বিষয় আসতে পারে।’

সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ  হোসেন, চেয়ারপরাসনের উপদেষ্টা আব্দুস সালাম, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, জামায়াতে ইসলামীর সহকারী  সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের, জাতীয় প্রেস ক্লাবের সভাপতি হাসান হাফিজ, বিএফইউজের মহাসচিব কাদের গনি চৌধুরী, ডিইউজের সভাপতি শহিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক খুরশীদ আলম প্রমুখ।