সুখবর রাজকুমার-পত্রলেখা দম্পতির

দারুণ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন বলিউড তারকা রাজকুমার রাও। একদিকে মুক্তি পেতে চলেছে তার ছবি ‘মালিক’। এর মধ্যে সংসারজীবনে এলো সুখবর। রাজকুমার আর তার স্ত্রী পত্রলেখা এক পোস্টের মাধ্যমে জানিয়েছেন যে তারা বাবা-মা হতে যাচ্ছেন। নেটুদুনিয়ায় সবাই অভিনন্দন জানাচ্ছেন বলিউডের এই তারকা দম্পতিকে।

রাজকুমার রাও আর পত্রলেখা সামাজিক যোগাযোগমাধ্যমে বাচ্চার দোলনার একটি ছবি পোস্ট করে লিখেছেন, ‘শিশু আসছে’। এর সঙ্গে রাজকুমার ছোট এবং ভালোবাসাভরা এক ক্যাপশনে লিখেছেন, ‘দারুণ আনন্দিত’। রাজকুমার আর পত্রলেখার এই পোস্টের পর সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের ভক্তরা এবং বিটাউনের তারকারা শুভকামনা ও ভালোবাসা জানাচ্ছেন। অভিনেতা বরুণ ধাওয়ান লিখেছেন, ‘অভিনন্দন।’ অভিনেত্রী সোনম কাপুর কমেন্টে লিখেছেন, ‘তোমাদের দুজনের জন্য খুব আনন্দের খবর।’ পুলকিত সম্রাট লিখেছেন, ‘অভিনন্দন বন্ধুরা।’ নেহা ধুপিয়া লিখেছেন, ‘আপনাদের দুজনকে অভিনন্দন।’ কোরিওগ্রাফার ও পরিচালক ফারহা খান এই তারকা দম্পতির উদ্দেশে লিখেছেন, ‘শেষ পর্যন্ত সবাইকে জানালে। আমার জন্য এই গোপন কথা আড়াল করে রাখা খুব মুশকিল হচ্ছিল। অভিনন্দন।’ এ বছরের শুরুর দিকে রাজকুমার ও পত্রলেখা একটি পোস্ট করেছিলেন। পোস্টে তারা লিখেছিলেন, আমাদের জীবনে বিশেষ কিছু ঘটতে যাচ্ছে। আপনাদের সবার সঙ্গে তা ভাগ করে নেওয়ার জন্য আর অপেক্ষা করতে পারছি না। আমাদের সঙ্গে থাকুন। রাজকুমার আর পত্রলেখার এই পোস্টের পর সামাজিক যোগাযোগমাধ্যমে জল্পনা-কল্পনা ছিল তুঙ্গে।