বন্যার পানিতে মাছ ধরতে গিয়ে বৃদ্ধের মৃত্যু

ফেনীর ফুলগাজীতে বন্যার পানিতে মাছ ধরতে পাতানো কারেন্ট জাল তুলতে গিয়ে নুরুল আলম (৬২) নামের এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১০ জুলাই) বিকেলে উপজেলার বন্দুয়া দৌলতপুর এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

ফুলগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহরিয়া ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন। নিহত আলম দৌলতপুর এলাকার বীর মুক্তিযোদ্ধা সাদেক কমান্ডারের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার ফজরের নামাজ শেষে নিজ বাড়ির পাশে বন্যার পানিতে পাতানো কারেন্ট জাল তুলতে যান নুরুল আলম। এ সময় অসাবধানতাবশত তার পা জালে আটকে যায়। সেখানেই আটকে ছটফট করে তার মৃত্যু হয়েছে।

নিহতের প্রতিবেশী ফখরুল আলম স্বপন বলেন, নুরুল আলম গত কয়েকদিন ধরে জ্বরে আক্রান্ত। কিছুদিন আগে তিনি স্ট্রোক করেছিলেন। দিনভর নিখোঁজ থাকার পর বিকেলে স্বজনরা বাড়ির পাশ থেকে তার মরদেহ উদ্ধার করেছে। তার এমন মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এ ব্যাপারে ফুলগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহরিয়া ইসলাম বলেন, রাতে এ ঘটনা অবগত হয়েছি। এমন মৃত্যু কখনোই কাম্য নয়।