শেষ ১২ বলে প্রয়োজন ছিল ২০ রানের। টি-টোয়েন্টি ফরম্যাটের জন্য মোটেও কঠিন কিছু নয়। ১৯ তম ওভারের প্রথম তিন বলে একটি করে চার-ছক্কা হজম করেন খালেদ আহমেদ। কিন্তু শেষ দুই বলে দুই উইকেট তুলে নিয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন রংপুরের এই পেসার। শেষ ওভারের প্রথম বলেই বাকি কাজটা সারেন আজমতউল্লাহ। ৮ রানের দারুণ জয় পায় রংপুর রাইডার্স।
গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে গ্লোবাল সুপার লিগে নিজেদের প্রথম ম্যাচে স্বাগতিক গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের বিপক্ষে টস জিতে শুরুতে ব্যাটিং বেছে নেন নুরুল হাসান সোহান। কাইল মেয়ার্সের ৩১ বলে ৪৪, সৌম্য সরকারের ৩৬ বলে ৩৫ এবং ইফতেখার আহমেদের ২১ বলে অপরাজিত ৩৪ রানে ভর করে তারা তোলে ৫ উইকেটে ১৬২ রান। অধিনায়ক নুরুল হাসান সোহানও ১০ বলে ১৮ রান করেন। দুটি করে উইকেট নেন ইমরান তাহির আর গুডাকেশ মোটি।
রান তাড়ায় নেমে ভালো শুরুর পর খেই হারায় গায়ানার ইনিংস। ওপেনার জনসন চার্লস খেলেন ২৮ বলে ৪০ রানের বিস্ফোরক ইনিংস। এছাড়া মইন আলী করেন ১৮ বলে ২৭। বাকি ব্যাটাররা কেউই আর বিশের ঘরে যেতে পারেননি। অধিনায়ক নুরুল গ্লাভস হাতে তিনটি ক্যাচ ও একটি স্টাম্পিং করেন। ৪ ওভারে ৩৬ রানে ৪ উইকেট নেন খালেদ আহমেদ। ২টি করে নেন আজমতুল্লাহ ওমরজাই এবং তাবারিজ শামসি। ম্যাচসেরা হয়েছেন খালেদ।
ম্যাচশেষে খালেদ বলেন, 'প্রথমেই সব কিছুর জন্য আল্লাহর কাছে শুকরিয়া। আমি শুধুমাত্র ভালো জায়গায় বলগুলো করার চেষ্টা করছিলাম। প্রথম ওভারে আমি কিছুটা খরুচে ছিলাম। কিন্তু অধিনায়ক আমাকে বলল, তুমি কামব্যাক করতে পারবে। অধিনায়ক আমার উপর ভরসা রেখেছিলো, ভরসা রেখেই আমার হাতে আবার বল তুলে দিয়েছে। আমিও আমার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করেছি ঘুরে দাঁড়ানোর।'
কথায় কথায় ‘বিলিভ’ বলেও বিশ্বাস করাতে পারছেন না স্পিন কোচ
ফিফা র্যাঙ্কিংয়ের শীর্ষে আর্জেন্টিনা, পাঁচে ব্রাজিল, বাংলাদেশ ১৮৪তম