মসজিদে নামাজ আদায় শেষে বাড়ি ফেরার পথে মুন্সীগঞ্জের সিরাজদীখানে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে খুন হয়েছেন সাহেব আলী (৫৮) নামে এক মুসল্লি। গত বৃহস্পতিবার দিনগত রাতে জেলার সিরাজদীখান উপজেলার বাসাইল ইউনিয়নের পশ্চিম ঘোড়ামারা গ্রামের মধ্যনগর জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে। ওইদিন রাত ৯টার দিকে নামাজ আদায় শেষে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তরা মুসল্লিকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে রাত ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান সাহেব আলী। তিনি পশ্চিম ঘোড়ামারা গ্রামের প্রয়াত ছাবেদ আলীর ছেলে।
পুলিশ ও স্থানীরা জানান, রাতে এশার নামাজ আদায় করতে নিজ গ্রামের মধ্যনগর জামে মসজিদে যান মুসল্লি সাহেব আলী। রাতে বাড়ি ফেরার পথে মসজিদের অদূরে কাঁচা রাস্তার সামনে পৌঁছলে কয়েকজন দুর্বৃত্ত তার মাথা ও শরীরের একাধিক স্থানে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এ সময় রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা। পরে ওই রাতেই তিনি ঢামেকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। সিরাজদীখান থানার পরিদর্শক (তদন্ত) হাবিবুর রহমান বলেন, ‘বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করছি।’