ইসরায়েলের ধারণা

ইরানের কাছে অস্ত্র তৈরির উপযোগী ইউরেনিয়াম আছে

ইসরায়েল-যুক্তরাষ্ট্রের যৌথ বোমা হামলার পরও, তেহরানের কাছে কিছু সমৃদ্ধ ইউরেনিয়াম রয়ে গেছে বলে ধারণা করছে তেল আবিব। আর এসব ইউরেনিয়াম পরমাণু অস্ত্র তৈরিতে ব্যবহৃত হওয়ার আশঙ্কা করছে দেশটি। গত বৃহস্পতিবার জ্যেষ্ঠ এক ইসরায়েলি কর্মকর্তার বরাতে এ তথ্য জানিয়েছে নিউ ইয়র্ক টাইমস। ইসরায়েলের সর্বশেষ হিসাব অনুযায়ী, ইরানের পারমাণবিক কেন্দ্রে থাকা ১৮ হাজার সেন্ট্রিফিউজের বেশিরভাগই ধ্বংস হয়ে গেছে। তবে ৬০ শতাংশ মাত্রায় সমৃদ্ধ সব ইউরেনিয়াম নষ্ট হয়নি। কিছু ইউরেনিয়াম বিশেষ পাত্রে আলাদা করে সংরক্ষণ করা ছিল, যা এখনো ইরানি বিজ্ঞানীরা ব্যবহার করতে পারেন। তবে ওই ইসরায়েলি কর্মকর্তা হুঁশিয়ার করে বলেন, কেউ যদি সে ইউরেনিয়াম সংগ্রহের চেষ্টা করে, তবে ইসরায়েল আবার হামলা চালাবে।

একই সুরে কথা বলেছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কার্টজও। ইরানের কাছ থেকে আবার হুমকি এলে দেশটিতে ফের হামলা চালানো হবে বলে জানিয়েছেন তিনি। বৃহস্পতিবার বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ সমাপ্তি অনুষ্ঠানে কার্টজের দপ্তর থেকে প্রকাশিত এক বিবৃতিতে তিনি বলেন, তেহরান, তাবরিজ, ইসফাহান আপনারা যেখান থেকেই ইসরায়েলকে হুমকি দেবেন বা ক্ষতি করার চেষ্টা করবেন, ইসরায়েলের লম্বা হাত সেখানে পৌঁছাবে। লুকিয়ে থাকার কোনো জায়গা নেই। তিনি আরও বলেন, যদি ফিরে আসতেই হয়, আমরা আরও বেশি শক্তি নিয়ে ফিরব।

যদিও ডোনাল্ড ট্রাম্প এবং তার মন্ত্রিসভার সদস্যরা শুরু থেকেই দাবি করে আসছেন, যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের তিনটি পারমাণবিক স্থাপনাই পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। গত সপ্তাহে প্রতিরক্ষা দপ্তরের মুখপাত্র শন পারনেল সাংবাদিকদের বলেন, আমরা ইরানের পারমাণবিক কর্মসূচিকে অন্তত এক থেকে দুই বছর পেছনে ঠেলে দিয়েছি। যদিও শন পারনেল তার এ দাবি প্রমাণে কোনো তথ্য উপস্থাপন করেননি। তিনি জানিয়েছিলেন, গোয়েন্দা বিশ্লেষকদের হিসাব অনুযায়ী এ সময়ের হিসাব উঠে এসেছে।