উখিয়ায় ইউপি সদস্য খুন, ১৪ জনের বিরুদ্ধে মামলা

কক্সবাজারের উখিয়ায় জালিয়াপালং ইউনিয়নের ইউপি সদস্য কামাল হোসেন হত্যার ঘটনায় ১৪ জনকে আসামি করে উখিয়া থানায় মামলা হয়েছে। নিহতের ভাই সাহাব উদ্দিন বাদী হয়ে বৃহস্পতিবার রাতে মামলাটি দায়ের করেন।

মামলায় ৮ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আসামি করা হয়েছে আরও ৬ জনকে। নাম উল্লেখ থাকা সকলেই ২০১৯ সালের ২৭ জুলাই হত্যায় শিকার নিহতের অপর ভাই জসিম উদ্দিন হত্যা মামলার আসামি।

উখিয়া থানার ওসি মোহাম্মদ আরিফ হোছাইন মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, পুলিশ অভিযুক্তদের ধরতে অভিযান অব্যাহত রেখেছে।

মামলায় অভিযুক্তরা হলেন, আবদুর রহিম, তোফাইল আহমদ, জুহুর আহমদ চৌধুরী, শরিফুল হক সাগর, জহির আহমদ, নুরুল বশর, মোহাম্মদ রিদোয়ান, শরিফুল হক নাহিদ। অভিযুক্তরা সকলেই মনখালী এলাকার বাসিন্দা।

গত মঙ্গলবার (৮ জুলাই) দুপুরে উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের মনখালী এলাকার একটি পাহাড়ি ছড়া থেকে কামাল হোসেন নামের এই ইউপি সদস্যের মরদেহ উদ্ধার করা হয়েছিল।

নিহত কামাল হোসেন এলাকার সিদ্দিক আহমদের ছেলে এবং জালিয়াপালং ইউনিয়ন পরিষদের সদস্য। তিনি উখিয়া উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক।

মামলার প্রাপ্ত এজাহারে বলা হয়েছে- অভিযুক্ত সকলেই মিলে ২০১৯ সালের ২৭ জুলাই তাদের ভাই জসিম উদ্দিনকে পরিকল্পিতভাবে হত্যা করে। এই মামলায় বিভিন্ন সময়ে আসামিরা জমিনে মুক্ত হওয়ার পর থেকে তাদের ভাই কামাল হোসেনকে হত্যার হুমকি দিয়ে আসছিল। এমন কি সম্প্রতি অভিযুক্তদের অনেকেই ফেসবুকে স্ট্যাস্টাস দিয়ে প্রকাশ্যে মামলার প্রত্যাহার না করলে হত্যার হুমকি দিয়েছিল।