কক্সবাজারের উখিয়ার পর্যটন এলাকা ইনানীতে গভীর নলকূপ স্থাপনের জন্য মাটি খোঁড়ার সময় আগুনের কুণ্ডলী বের হতে দেখা গেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট। আগুন বিদ্যুতের তারে ছড়িয়ে পড়ার আশঙ্কায় মনখালী থেকে পাটুয়ারটেক পর্যন্ত প্রায় ১৫ কিলোমিটার এলাকায় ৩৩ কেভি বিদ্যুৎ লাইনের সরবরাহ সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।
মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল ৭টার দিকে জালিয়াপালং ইউনিয়নের ছোট ইনানী গ্রামের ছোট ব্রিজসংলগ্ন মোস্তফা সিকদারের বাড়িতে এ ঘটনা ঘটে। প্রতিবেদন লেখা পর্যন্ত আগুন জ্বলছিল।
স্থানীয় সূত্রে জানা গেছে, বাড়িটিতে গভীর নলকূপ স্থাপনের জন্য বোরিংয়ের কাজ চলছিল। এ সময় মাটি খোঁড়ার স্থান থেকে হঠাৎ আগুনের কুণ্ডলী বের হতে দেখা যায়। একই সঙ্গে গ্যাসের গন্ধযুক্ত ধোঁয়া বের হতে থাকলে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে উখিয়া ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা শুরু করে।
উখিয়া ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন অফিসার সাইদুল ইসলাম বলেন, খবর পেয়ে সকাল সাড়ে ৮টা থেকে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। তবে এখনো আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মাটির নিচে গ্যাসের মজুদ থাকায় এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
স্থানীয় ইউপি সদস্য শামসুল আলম বলেন, আগুন এখনো নিয়ন্ত্রণে আসেনি। ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে কাজ করছেন।
এদিকে, আগুন বিদ্যুতের খুঁটির তারে ছড়িয়ে পড়ার আশঙ্কায় মনখালী থেকে পাটুয়ারটেক পর্যন্ত প্রায় ১৫ কিলোমিটার এলাকায় ৩৩ কেভি বিদ্যুৎ লাইনের সরবরাহ সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।
উখিয়া পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম কাইজার নূর বলেন, আগুনের স্থানের কাছেই ৩৩ কেভি বিদ্যুৎ লাইন রয়েছে। আগুন যাতে ছড়িয়ে পড়তে না পারে, সে জন্য মনখালী-পাটুয়ারটেক পর্যন্ত প্রায় ১৫ কিলোমিটার এলাকায় বিদ্যুৎ সরবরাহ সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।