রক্তের গ্রুপ নির্ণয়ের উদ্যোগ লেটস ক্রিয়েটের

নেত্রকোনার মদনে সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন লেটস ক্রিয়েটের উদ্যোগে চলছে ‘ফ্রি ব্লাড গ্রুপ টেস্ট’ ক্যাম্পেইন। মদন পৌরসভা ও এর আশপাশের স্কুলগুলোতে গিয়ে বিনামূল্যে শিক্ষার্থীদের রক্তের গ্রুপ নির্ণয় করার উদ্যোগ নিয়েছে লেটস ক্রিয়েট। মাঘান উচ্চ বিদ্যালয়ে গত বৃহস্পতিবার এই ক্যাম্পেইন শুরু হয়। প্রথম দিনেই প্রায় ২০০ জন শিক্ষার্থীর রক্তের গ্রুপ নির্ণয় করে জানিয়ে দেওয়া হয়। লেটস ক্রিয়েটের এই উদ্যোগটি শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে বেশ সাড়া ফেলেছে।

ব্যতিক্রমী এই উদ্যোগ সম্পর্কে লেটস ক্রিয়েটের প্রতিষ্ঠাতা সদস্য আল মোজাহিদ ইমু জানান, রক্তের গ্রুপ জানা মানুষের জন্য খুব জরুরি। আকস্মিক বিপদে যেমন একই গ্রুপের মানুষকে রক্ত দিতে হতে পারে, তেমনই মা-বাবার পজিটিভ- নেগেটিভ গ্রুপের কারণে সন্তানের জীবনও হতে পারে সংকটাপন্ন। তা ছাড়া নির্দিষ্ট কিছু গ্রুপের ক্ষেত্রে নির্দিষ্ট কিছু রোগের ঝুঁকিও থাকে বেশি। তাই লেটস ক্রিয়েটের উদ্যোগে স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের রক্তের গ্রুপ নির্ণয় করা হচ্ছে এবং জানানো হচ্ছে।

সভাপতি শেখ কায়কোবাদ বলেন, রক্তদান একটি মহৎ কাজ, আমি একজন নিয়মিত রক্তদাতা। রক্ত দিলে দেহের কোনো ক্ষতি হয় না বরং মানবসেবার মধ্য দিয়ে নিজের মধ্যে একটি সন্তুষ্টি আসে। এজন্য আমরা সমাজের মধ্যে রক্তদান বিষয়ে সচেতনতা তৈরি করতে চাই। এজন্য আমাদের প্রথম ও প্রধান কাজ হলো নিজের রক্তের গ্রুপ জানা। আমরা অনেকেই জানি না আমাদের রক্তের গ্রুপ কী। তাই আমাদের সংগঠন লেটস ক্রিয়েট থেকে বিনামূল্যে ব্লাড গ্রুপ টেস্ট ক্যাম্পেইনের আয়োজন করা হয়েছে। এতে স্কুল পর্যায় থেকেই নিজের রক্তের গ্রুপ জেনে অন্যের উপকার করতে পারবে এবং নিজের রক্তের প্রয়োজন হলে অন্যদের থেকে গ্রহণ করতে পারবে।

সাধারণ সম্পাদক মাহফুজ আহমেদ রিমন জানান, জনহিতকর এই উদ্যোগ ভবিষ্যতেও চলমান থাকবে।

১৯ জুলাই পর্যন্ত জুড়ে চলবে এই ক্যাম্পেইন।