বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) সদস্যভুক্ত কারখানা সাউদার্ন নিটওয়্যার লিমিটেড অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। প্রতিষ্ঠানটি গাজীপুরের কালিয়াকৈরের হিজলহাটি এলাকায় অবস্থিত।
জানা গেছে, কারখানার ট্রেড ইউনিয়ন নেতাদের বিরুদ্ধে ঘুষ, দুর্নীতি, শারীরিক নির্যাতন ও হয়রানির অভিযোগ তুলে বেশ কয়েকদিন ধরেই অসন্তোষ প্রকাশ করে আসছিলেন সাধারণ শ্রমিকরা। এই বিরোধ ক্রমে চরমে পৌঁছায়, যার ফলে প্রতিষ্ঠানটি বন্ধ ঘোষণা করা হয়েছে।
গতকাল শনিবার শ্রমিকরা সব কার্যক্রম বন্ধ রেখে বেআইনি ধর্মঘটে অংশ নেন। এতে কারখানায় বিশৃঙ্খলা সৃষ্টি হয় এবং উৎপাদন সম্পূর্ণ বন্ধ হয়ে যায়।
পরিস্থিতি শান্ত করতে শিল্পপুলিশ, সেনাবাহিনী ও বিকেএমইএর প্রতিনিধি দল তিন দফায় শ্রমিকদের সঙ্গে আলোচনা করে। তবে কোনো সমাধানে না পৌঁছানোয়, শ্রম আইন অনুযায়ী কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়।