সাপের কামড়ে কলেজছাত্রসহ দুজনের মৃত্যু

ঝিনাইদহের শৈলকূপায় সাপের কামড়ে অপু বিশ্বাস (১৯) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। গতকাল ভোরে উপজেলার ব্রহ্মপুর গ্রামে এ ঘটনা ঘটে। মৃত অপু ওই গ্রামের সেকেন্দার জোয়ার্দ্দারের ছেলে ও শৈলকূপা সিটি কলেজের ছাত্র। শৈলকূপা থানার ওসি মাসুম খান এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, গত শুক্রবার রাতে ঘুমিয়ে থাকা অবস্থায় অপু বিশ্বাসের হাতে সাপে দংশন করে।  পরে পরিবারের লোকজন তাকে ওঝার কাছে নিয়ে ঝাড়ফুঁক করে। একপর্যায়ে শারীরিক অবস্থার অবনতি হলে শৈলকূপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে পরিবারের লোকজন সেখান থেকে রোগীকে আবারও ওঝার কাছে নিয়ে যায়। পরে শারীরিক অবস্থার আরও অবনতি হলে ফের তাকে কুষ্টিয়া মেডিকেলে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু ঘটে।

এদিকে কুমিল্লার মুরাদনগরে সাপের কামড়ে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। গত শুক্রবার রাতে উপজেলার ধনীরামপুর গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয় ইউপি সদস্য ছবির সরকার বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত নার্গিস আক্তার মুরাদনগর উপজেলার ধনীরামপুর গ্রামের মনির মিয়ার স্ত্রী।

স্থানীয়রা জানায়, শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে নার্গিস আক্তার তার বসতঘরে থাকা ছাগলের বাচ্চা ধরতে গেলে বিষধর সাপ তার হাতে ছোবল মারে। অবস্থার অবনতি হলে তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়াা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।