ঢাকার শাহবাগ মোড়ে ‘প্রজন্ম চত্বর’ নামে পরিচিত একটি স্থাপনা শনিবার মধ্যরাতে বুলডোজার দিয়ে ভেঙে ফেলা হয়েছে। স্থাপনাটি ভাঙার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়ার পর থেকে এ নিয়ে চলছে নানা আলোচনা-সমালোচনা।
ভিডিওটিতে দেখা যায়, এস্কাভাটর দিয়ে স্থাপনাটি ভেঙে ফেলা হচ্ছে।
বিবিসি বাংলা জানিয়েছে, স্থাপনাটি ভাঙার আগে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় থেকে একটি নির্দেশনা পেয়েছেন শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. খালিদ মনসুর। তিনি বলেন, ‘গণপূর্ত একবার ফোন করে আমাকে বলছিল আরকি।’
তবে কী নির্দেশনা দেয়া হয়েছিল জানাতে চাইলে ওসি বলেন, ‘কী বলছিল সেটা কি আপনাকে বলে দেবো? তারা এইখানে সুন্দর একটা রেনোভেশন (সংস্কার) করতে চায়। এটা নিয়ে কোনো ঝামেলা তো হয় নাই, কোনো সমস্যাও হয় নাই।’
এ বিষয়ে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তারা সারা দেননি।
প্রসঙ্গত, ২০১৩ সালে গণজাগরণ মঞ্চের আন্দোলনের পর শাহবাগ মোড়ে এই স্থাপনাটি তৈরি করা হয়। যা ‘প্রজন্ম চত্বর’ হিসেবে পরিচিতি পায়।