টসেও ফর্মে নেই লিটন, অধিনায়ক হিসেবে টানা অষ্টম হার

কঠিন এক বাস্তবতা যেন পিছু ছাড়ছে না লিটন দাসের। মাঠের ব্যাটে না হোক, অন্তত ভাগ্যের আশ্রয় নেওয়ার সুযোগ ছিল টসে। কিন্তু সেখানেও ফিরছে না হাসি। অধিনায়ক হিসেবে টানা অষ্টমবারের মতো টস হেরেছেন লিটন। ডাম্বুলায় সিরিজ বাঁচানোর ম্যাচেও ভাগ্য মুখ তুলে চায়নি তার দিকে।

ডাম্বুলা আন্তর্জাতিক স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে শ্রীলঙ্কা। এর ফলে আগে ব্যাটিং করতে হবে বাংলাদেশকে। সিরিজে ১-০ তে পিছিয়ে থাকা লাল-সবুজ শিবিরের সামনে তাই আজ শুধু ব্যাট নয়, টসের ধাক্কাও সামলাতে হবে।

প্যালেকেলেতে প্রথম ম্যাচে শ্রীলঙ্কার দুরন্ত ওপেনিং জুটি—কুসল মেন্ডিস ও পাথুম নিসাঙ্কা বাংলাদেশ বোলিং আক্রমণকে শুরুতেই ছিন্নভিন্ন করে দেন। যদিও ব্যাটিংয়ে কিছুটা জবাব দিয়েছিল টাইগাররা—পারভেজ ইমন ঝড়ো সূচনা করেছিলেন, সঙ্গ দিয়েছিলেন নাইম শেখ ও মেহেদি হাসান মিরাজ। কিন্তু স্কোরবোর্ডে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রান তোলার পরও বোলারদের ব্যর্থতায় ম্যাচটি হাতছাড়া হয়।

আজকের ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে ডাম্বুলার ভিন্ন কন্ডিশনে, ফলে দুই দলে কিছু পরিবর্তন আসার সম্ভাবনাও রয়েছে। সিরিজে টিকে থাকতে হলে বোলারদের খোলস ছেড়ে বেরোতে হবে, বিশেষ করে পাওয়ার প্লেতে। আর অধিনায়ক লিটনের জন্য আজকের ম্যাচ শুধু ব্যাট হাতে নয়, মানসিকভাবে ঘুরে দাঁড়ানোর লড়াইও।

বাংলাদেশ একাদশ

পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান তামিম, লিটন দাস (অধিনায়ক ও উইকেটকিপার), জাকের আলি, তৌহিদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, শামীম হোসেন, রিশাদ হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিন, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম।

শ্রীলঙ্কা একাদশ

পাথুম নিসাঙ্কা, কুসল মেন্ডিস (উইকেটকিপার), কুসল পেরেরা, অভিষ্কা ফার্নান্দো, চরিথ আসালাঙ্কা (অধিনায়ক), দাসুন শানাকা, চামিকা করুনারত্নে, জেফ্রি ভানডারসে, মাহিশ থিকশানা, বিনুরা ফার্নান্দো, নুয়ান তুশারা।