চা দিতে দেরি হওয়ায় দোকানের কর্মচারীকে হত্যা

সিলেটে চা দিতে দেরি হওয়ায় দোকানের কর্মচারীকে উপর্যুপরি ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। গতকাল রবিবার সকালে নগরীর কাজিরবাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত কর্মচারী হলেন দিনার আহমদ রুমন (২২)। তিনি সিলেটের দক্ষিণ সুরমার জালালপুরের মৃত তকলিছ আলীর ছেলে। রুমন কাজিরবাজারে নিরু বাবুর চায়ের দোকানে কাজ করতেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, সকাল ৯টার দিকে এক যুবক দোকানে ঢুকে এক কাপ চা দিতে বলেন। এ সময় রুমন জানান চা দিতে একটু দেরি হবে। এতে ক্ষিপ্ত হয়ে ওই যুবক রুমনের সঙ্গে বাগবিত-ায় জড়ান। তখন দোকানের মালিক ও আশপাশের লোকজন এসে ওই যুবককে শান্ত করলে তিনি চলে যান। কিছুক্ষণ পর ওই যুবক কয়েকজন সহযোগী নিয়ে দোকানে এসে রুমনের ওপর অতর্কিত হামলা চালান। একপর্যায়ে তারা রুমনের বুকে উপর্যুপরি ছুরিকাঘাত করে দ্রুত চলে যান। রুমনকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। কোতোয়ালি থানার ওসি জিয়াউল হক জানান,  রবিবার বিকেলে কাজিরবাজার এলাকায় অভিযান চালিয়ে আব্বাস নামের একজনকে আটক করা হয়েছে।