বগুড়ায় ভূমি অফিস স্থানান্তরের সিদ্ধান্ত বাতিল দাবি

বগুড়ার গাবতলী উপজেলার নেপালতলী ইউনিয়নে আশির দশকে চালু হওয়া তহসিল অফিস (বর্তমানে ভূমি অফিস) স্থানান্তরের সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়ে উঠেছেন নেপালতলী ও সুখানপুকুর ইউনিয়নের ৩৪ গ্রামের বাসিন্দা। গতকাল রবিবার দুপুরে বগুড়া শহরের সাতমাথায় নেপালতলী ইউনিয়নের সাধারণ জনগণ ভূমি অফিস স্থানান্তরের সিদ্ধান্ত বাতিল দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেন।

মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল নিয়ে দুই ইউনিয়নের সাধারণ নাগরিকরা জেলা প্রশাসক কার্যালয় চত্তরে গিয়ে অবস্থান নেন। এরপর বেলা ৩টার দিকে জেলা প্রশাসকের কাছে নিজেদের দাবি উল্লেখ করে স্মারকলিপি তুলে দেন তারা।

এর আগে সাতমাথায় মানববন্ধনে উপস্থিত দুই ইউনিয়নের ভূমি সেবাগ্রহীতাদের অভিযোগ, সাবেক ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম বাবু (আওয়ামী লীগ নেতা) নিজ বাড়ির কাছাকাছি ভবন নির্মাণ স্থান চূড়ান্তও করেন। তবে সম্প্রতি ঘটনা জানাজানি হলে ক্ষুব্ধ হয়ে ওঠেন ৩৪ গ্রামের মানুষ। এ বিষয়ে জেলা প্রশাসক হোসনা আফরোজা বলেন, ‘জনগণ যা চায় তাই করা হবে। আমরা বিষয়টি নিয়ে ওপর মহলে কথা বলব।’