দুদিনে এক ট্রলারে ৬৫ মণ ইলিশ ৪০ লাখে বিক্রি

পটুয়াখালীতে সাগরে এফবি সাদিয়া-২ নামের একটি মাছ ধরা ট্রলারের জালে ধরা পড়েছে ৬৫ মণ ইলিশ। গতকাল রবিবার দুপুরে এসব মাছ আলীপুরের মেসার্স খান ফিশের মাধ্যমে ৩৯ লাখ ৬০ হাজার ১৪০ টাকায় নিলামে বিক্রি হয়। ৯০০ গ্রাম থেকে এক কেজি ওজনের প্রতি মণ ইলিশ ৯৫ হাজার টাকা, ৬০০ থেকে ৮০০ গ্রামের প্রতি মণ ৭০ হাজার, ৪০০ থেকে ৫০০ গ্রাম ওজনের প্রতি মণ ৫৬ হাজার টাকা দরে বিক্রি হয়েছে। এ ছাড়া অন্যান্য বিভিন্ন প্রজাতির মাছ ১ লাখ ১৭ হাজার টাকায় বিক্রি হয়েছে।

ট্রলারের মাঝি শাহাবুদ্দিন জানান, মৌসুম শুরু হলেও বৈরী আবহাওয়ার কারণে বারবার সাগরে গিয়ে ফিরে আসতে হয়েছে। সাগর কিছুটা শান্ত থাকায় ৯ জুলাই আলীপুর ঘাট থেকে ট্রলার নিয়ে গভীর সাগরে মাছ শিকারে যাই। মাছগুলো গতকাল কুয়াকাটা থেকে ১৫০ কিলোমিটার পূর্ব-দক্ষিণে সমুদ্র থেকে ধরা হয়। ২৩ জন জেলে নিয়ে গত দুদিন সমুদ্রে বিভিন্ন এলাকায় জাল ফেলে এসব মাছ ধরা হয়।

কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, আবহাওয়া অনুকূলে থাকলে সামনে জেলেরা বেশ ভালো পরিমাণ মাছ পাবেন বলে আশা করা যায়।