বাংলাদেশের হয়ে সাকিব আল হাসানকে আর কখনো খেলতে দেখা যাবে কি না, দেশের ক্রীড়াঙ্গণে এটিই সবচেয়ে বড় প্রশ্ন। এই প্রসঙ্গে বিসিবির বিগড় সভাপতি ফারুক আহমেদ এবং বর্তমান সভাপতি আমিনুল ইসলামের বুলবুলের অবস্থান প্রায় সময়ই ছিল যেন ধরি মাছ না ছুঁই পানি। তবে সম্প্রতি গ্লোবাল সুপার লিগের প্রথম ম্যাচে ব্যাটে বলে সাকিবের দারুণ ফর্ম এবং একই সঙ্গে জাতীয় দলের সাম্প্রতিক পড়তি দশা এই আলোচনায় নতুন ঢেউ এনেছে।
আজ জাতীয় ব্যাডমিন্টন প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে গিয়ে এ ব্যাপারে কথা বলেছেন বিসিবি সভাপতি বুলবুল। তিনি সাকিব আল হাসানের সঙ্গে কথা বলবেন বলে জানিয়েছেন। বুলবুল বলেন, ‘ ‘সাকিব অ্যাভেইলেবল ক্রিকেটার। সাকিব এখনো বাংলাদেশের হয়ে সব সংস্করণ থেকে অবসর নেয়নি। তার সঙ্গে কথা বলব এবং তার সাথে কথা বলার পরে আমরা সিদ্ধান্ত নিতে পারব।’
তবে সেই সঙ্গে সাকিব ফিরবেন কি না সেই সিদ্ধান্তের ভার নির্বাচক প্যানেলের উপরেই দিয়ে রেখেছেন বুলবুল। গণমাধ্যমের সঙ্গে আলাপকালে বুলবুল বলেন, ‘আগেও বলেছি, আবারও বলছি—এটা (সাকিবকে জাতীয় দলে নেয়া) পুরোপুরি নির্ভর করে নির্বাচকদের উপর যারা দল নির্বাচন করে।’
জাতীয় দলে ফেরানো হবে কি না সাকিবকে? এমন প্রশ্নে নির্বাচকদের কোর্টে বল ঠেলে দিয়ে বিসিবি সভাপতি বলেন, ‘আমি আগেও বলেছি, আবারও বলছি—এটা পুরোপুরি নির্ভর করে নির্বাচকদের উপর যারা দল নির্বাচন করে।’