ফিফা ক্লাব বিশ্বকাপের ফাইনাল উপভোগ করতে নিউইয়র্কের মেটলাইফ স্টেডিয়ামে উপস্থিত হয়েছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেখানেই এক সাক্ষাৎকারে ব্রাজিলীয় ফুটবল কিংবদন্তি পেলেকে সর্বকালের সেরা খেলোয়াড় হিসেবে আখ্যা দেন তিনি। এমনকি ট্রাম্প জানান যে তিনি নিজে পেলেকে খেলতে দেখেছেন।
টুর্নামেন্ট চলাকালে ট্রাম্পের কাছে তার ফুটবল হিরো সম্পর্কে জানতে চাওয়া হলে পেলের নাম নেন তিনি। তিনি পেলেকে নিজের প্রিয় খেলোয়াড় এবং সর্বকালের সেরা ফুটবলারের একজন হিসেবে আখ্যা দেন। এই কিংবদন্তি ফরোয়ার্ড ১৯৭৫ থেকে ১৯৭৭ সাল পর্যন্ত নিউইয়র্ক কসমসের হয়ে খেলে এরপর অবসরে যান।
ট্রাম্প বলেন, ‘অনেক বছর আগে, যখন আমি তরুণ ছিলাম, তখন তারা পেলেকে এখানে খেলতে এনেছিল। দলটি ছিল কসমস। এই জায়গাটা কানায় কানায় পূর্ণ ছিল – এটি ছিল এই স্টেডিয়ামের (মেটলাইফ স্টেডিয়াম) আগের সংস্করণ, আর খেলছিলেন পেলে। আমি নিজেকে বৃদ্ধ হিসেবে দেখাতে চাই না, কিন্তু সেটা অনেক বছর আগের কথা। আমি তখন তরুণ ছিলাম আর আমি পেলেকে দেখতে এসেছিলাম। তিনি ছিলেন দুর্দান্ত, সত্যিই অসাধারণ।’
গতরাতে পিএসজিকে হারিয়ে চেলসির হাতে শিরোপা ওঠার মধ্য দিয়ে শেষ হয়েছে ফিফা ক্লাব বিশ্বকাপ। এক বছর পর কানাডা ও মেক্সিকোর সঙ্গে যৌথভাবে ফুটবল বিশ্বকাপও আয়োজন করবে যুক্তরাষ্ট্র।
দক্ষিণ আফ্রিকাকে চ্যাম্পিয়ন করে 'মাসের সেরা' মার্করাম
লিটনকে নিয়ে বুলবুল, ফর্ম ইজ টেম্পোরারি ক্লাস ইজ পার্মানেন্ট