দোনেৎস্কের আরও ২ গ্রাম নিয়ন্ত্রণের দাবি রাশিয়ার

ইউক্রেনের দোনেৎস্কের আরও ২টি গ্রাম নিয়ন্ত্রণে নেওয়ার দাবি করেছে রাশিয়া। গতকাল সোমবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, রাশিয়ার সেনাপ্রধান ভ্যালেরি গেরাসিমভ পূর্ব ইউক্রেনের দোনেৎস্ক অঞ্চলের পোকরোভস্ক এলাকায় যুদ্ধরত সেনাবাহিনীর একটি সেন্টার পরিদর্শন করেছেন। প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, রাশিয়ার সেনা ইউনিটের কমান্ডাররা যুদ্ধের উন্নতির বিষয়ে গেরাসিমভকে জানিয়েছেন।

সেনাপ্রধানের টেলিগ্রাম চ্যানেলে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, গেরাসিমভকে একটি সামরিক হেলিকপ্টারে চড়ে ওই অঞ্চলে যান এবং তারপর সামরিক অফিসারদের সঙ্গে দেখা করেন। রাশিয়া আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইউক্রেনের প্রায় ১৯ শতাংশ এলাকা নিয়ন্ত্রণ করছে, যার মধ্যে রয়েছে ক্রিমিয়া এবং লুহানস্ক অঞ্চল। দোনেৎস্ক, জাপোরিঝিয়া এবং খেরসন অঞ্চলের ৭০ শতাংশ এরও বেশি এবং খারকিভ এবং সুমি অঞ্চলের কিছু অংশ নিয়ন্ত্রণে নিয়েছে রাশিয়া। এদিকে, রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, রবিবার ইউক্রেনের ২ শতাধিক ড্রোন ও ৯টি বিমান হামলা প্রতিহত করেছে তারা। এদিন দোনেৎস্কের সামরিক ও শিল্প স্থাপনাগুলো লক্ষ্য করে হামলা চলে।