গত ১০ মাসে দেশে বড় ধরনের সহিংস অপরাধের সংখ্যা বাড়েনি বলে গতকাল সোমবার এক বিবৃতিতে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। চলতি বছর দেশে অপরাধের হার উল্লেখযোগ্য হারে বেড়েছে, বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত এমন খবরে জনমনে আতঙ্ক ও নিরাপত্তাহীনতা সৃষ্টি হয়েছে বলেও উল্লেখ করা হয় এতে।
তবে নাগরিকদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে প্রেস উইং বলেছে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপরও বিশ্বাস রাখতে হবে। কারণ, অপরাধের হার মোটামুটি স্থিতিশীল, যাতে বোঝা যায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।
বিবৃতিতে বলা হয়, ২০২৪ সালের সেপ্টেম্বর থেকে ২০২৫ সালের জুন পর্যন্ত সরকারি অপরাধ পরিসংখ্যান বিশ্লেষণে দেখা যায়, চলতি বছর বড় ধরনের অপরাধের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে এমন দাবি সঠিক নয়। পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী, গত ১০ মাসে বড় ধরনের অপরাধের প্রবণতা স্থিতিশীল রয়েছে।
গত পাঁচ বছর এবং গত ১০ মাসের অপরাধ নিয়ে পুলিশ সদর দপ্তরের পরিসংখ্যানের দুটি টেবিল আকারে তুলে ধরে প্রেস উইং জানিয়েছে, এতে বড় ধরনের অপরাধ দ্রুত বাড়ার কোনো লক্ষণ নেই। বাস্তবে বেশির ভাগ গুরুতর অপরাধের হার কমছে বা একই পর্যায়ে রয়েছে। তবে কিছু নির্দিষ্ট অপরাধের ক্ষেত্রে সামান্য বৃদ্ধির প্রবণতা লক্ষ করা গেছে।