ট্রাম্পের পাশে হাসিমুখে থাম্বস আপ দেওয়া কে এই ইরানি রেফারি?

চ্যাম্পিয়নস লিগের শিরোপাজয়ী পিএসজিকে গুঁড়িয়ে ক্লাব বিশ্বকাপের শিরোপা জিতে নিয়েছে চেলসি। সেই ফাইনালের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে দেখা যায় বিশেষ এক দৃশ্য। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পাশে দাঁড়িয়ে হাসিমুখে থাম্বস আপ দিয়ে ছবি তোলেন ইরানি রেফারি আলিরেজা ফাঘানি। এই ছবি ছড়িয়ে পড়লে ইরানে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।

বিশ্বের খ্যাতিমান রেফারিদের একজন ফাঘানি ২০১৯ সালে ইরানের ফুটবল ফেডারেশনের সঙ্গে মতবিরোধের কারণে অস্ট্রেলিয়ায় বসবাস শুরু করেন। তখন থেকেই তিনি অস্ট্রেলিয়ার প্রতিনিধিত্ব করছেন। তিনি ক্লাব বিশ্বকাপে ফাইনালে দায়িত্ব পালন করেন। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ইরানি ফুটবল রেফারি আলিরেজা ফাঘানির মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সান্নিধ্যে আসেন এবং তার সঙ্গে হাসিমুখে থাম্বস আপ দেখিয়ে ছবি তোলেন।

ইরানের স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, সম্প্রতি ইসরায়েলের সঙ্গে জোট বেঁধে ইরানে ভয়াবহ হামলা চালিয়েছিল যুক্তরাষ্ট্র। তাই ট্রাম্প ইরানিদের কাছে অপছন্দের ব্যক্তি। তার সঙ্গে ফাঘানির এভাবে ছবি তোলা ইরানের জনগন মানতে পারছে না। ফাঘানি পরে ইনস্টাগ্রামে সেই ছবি পোস্ট করে লেখেন, ‘আবারও ফুটবল ইতিহাসের অংশ হওয়ার সুযোগ পেয়ে কৃতজ্ঞ’। ইরানের সরকারপন্থি সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা এ ঘটনাকে জাতীয় বিশ্বাসঘাতকতা হিসেবে সমালোচনা করেছেন।

রেভল্যুশনারি গার্ডস-সমর্থিত ফার্স নিউজ এজেন্সি শনিবার তার টেলিগ্রাম চ্যানেলে এই ঘটনার তীব্র সমালোচনা করে বলেছে, ইরানের ভূমিতে ইসরায়েল ও আমেরিকার হামলা এবং এক হাজারেরও বেশি ইরানির শহীদ হওয়ার কয়েকদিন পর আলিরেজা ফাঘানি পুরস্কার গ্রহণের মঞ্চে ট্রাম্পকে উষ্ণ অভ্যর্থনা জানান। উল্লেখ্য, গত শনিবার সন্ধ্যায় যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত ক্লাব ওয়ার্ল্ড কাপের ফাইনাল ম্যাচে চেলসি প্যারিস সেন্ট জার্মেইকে ৩-০ গোলে পরাজিত করে।