সিরাজগঞ্জে ঝড়ে ৪ গ্রামের শতাধিক বাড়িঘর লন্ডভন্ড

বৃষ্টির সঙ্গে মাত্র ২ মিনিটের ঝড়ে সিরাজগঞ্জের সদর উপজেলার রতনকান্দি ইউনিয়নের চারটি গ্রামের শতাধিক বাড়িঘর ল-ভ- হয়ে গেছে। ঝড়ের তা-বে এসব গ্রামে গাছপালা উপড়েপড়ে যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। এসব গ্রামের বিদ্যুৎ সংযোগও বন্ধ হয়ে গেছে। গতকাল মঙ্গলবার দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে। গ্রামগুলো হলো সিরাজগঞ্জ সদর উপজেলার রতনকান্দি ইউনিয়নের বাহুকা, ইটালি, চিলগাছা ও চর চিলগাছা।

স্থানীয়রা জানান, ঝড়ের পরে লোকজনকে তাদের আসবাব বিভিন্ন স্থান থেকে কুড়িয়ে আনতে দেখা গেছে। অনেকে গাছপালা সরিয়ে রাস্তা সচল করার চেষ্টা করেন। মাত্র ২ মিনিটের ঘূর্ণিঝড়ে ৪ গ্রামের মানুষের ব্যাপক ক্ষতি হয়েছে। অনেকের বসতঘর ঝড়ে উড়ে গেছে। তারা খোলা আকাশের নিচে বসবাস করছেন।

রতনকান্দি ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডের সদস্য রফিকুল ইসলাম বলেন, মাত্র ২ মিনিটের মধ্যে ৪টি গ্রামের বহু বসতবাড়ির টিনের ঘর ও গাছপালা ভেঙে গেছে। অনেক ঘর উড়ে গিয়ে অনেক দূরে পড়েছে। বেশ কিছু গাছপালা রাস্তায় ভেঙে পড়ায় কয়েকটি গ্রামে চলাচলের রাস্তা ও বিদ্যুতের খুঁটি ভেঙে বিদ্যুৎ সংযোগ বন্ধ হয়ে গেছে। ওই চারটি গ্রামের জমির অধিকাংশ ফসল নষ্ট হয়ে গেছে। এ ছাড়া কয়েকটি মুরগির খামার বিধ্বস্ত হওয়ায় অনেক মুরগি মারা গেছে।

রতনকান্দি ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা জুবায়েল হোসেন বলেন, শুধু চর চিলগাছাতেই অন্তত ৫০টি বসতবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

সিরাজগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনোয়ার হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পিআইওকে পাঠানো হয়েছে।