টেকসই বাঁধের দাবিতে পরশুরামে মানববন্ধন

মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর পাশে টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবিতে ফেনীর পরশুরামে ৫৫টি স্বেচ্ছাসেবী সংগঠন যৌথ মানববন্ধন করেছে। মানববন্ধন থেকে সেনাবাহিনীর মাধ্যমে স্থায়ী বেড়িবাঁধ নির্মাণসহ ৫ দফা দাবি জানিয়েছেন বন্যায় ক্ষতিগ্রস্তরা।

গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলা গেটের সামনে পরশুরামের সম্মিলিত স্বেচ্ছাসেবী সংগঠন আয়োজিত মানববন্ধনে বন্যায় ক্ষতিগ্রস্তসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশ নেন।

সম্প্রতি মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর ভাঙনে পরশুরাম ও ফুলগাজী উপজেলার ৩১টি স্থানে বেড়িবাঁধ ভেঙে যায়। বন্যার পানিতে ৩০টির বেশি গ্রাম প্লাবিত হয় ও লক্ষাধিক মানুষ পানিপন্দি হয়ে পড়েন। ২০২৪ সালের ভয়াবহ বন্যার ক্ষতি কাটিয়ে না উঠতেই বেড়িবাঁধ ভেঙে যাওয়ায় পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের বিরুদ্ধে ক্ষোভে ফুঁসে ওঠেন মানুষ।

মানববন্ধনে বক্তব্য দেন পশ্চিম অলকায় মুহুরী নদীর বেড়িবাঁধ ভাঙনে ঘরহারা মাসুম চৌধুরী, পরশুরাম প্রেস ক্লাব সভাপতি এম এ হাসান, মো. মোস্তফা, কাজী ইউছুফ বাপ্পি, হাকিম আলী জয়, চৌধুরী রাকিব, এনামুল করিম আজাদ, মাওলানা মোহাম্মদ আবু তাহের ভূঞা, মো. নাঈম প্রমুখ।