ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে নিবন্ধন পেতে এবার নির্বাচন কমিশনে (ইসি) আবেদন করেছিল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)সহ ১৪৪টি রাজনৈতিক দল। তবে প্রাথমিক বাছাইয়ে এসব দলের একটিও উত্তীর্ণ হতে পারেনি। ফলে সবগুলো দলকেই ১৫ দিন সময় দিয়ে ঘাটতি পূরণের চিঠি দিচ্ছে ইসি। গতকাল মঙ্গলবার ইসির অতিরিক্ত সচিব কে এম আলী নেওয়াজ সাংবাদিকদের এ কথা জানিয়েছেন।
তিনি বলেন, ‘প্রথম ধাপে ৬২ দলকে চিঠি দেওয়া হবে। পরবর্তী ধাপে অন্য দলগুলোকেও চিঠি দেওয়া হবে। এক্ষেত্রে যেসব ত্রুটিবিচ্যুতি আছে ১৫ দিনের মধ্যে তা পূরণ করতে হবে।
ইসিতে নিবন্ধন শর্ত পূরণ করতে যেসব কাগজপত্র প্রয়োজনÑ ট্রাকে করে নিয়ে সেগুলো নির্বাচন ভবনে জমা দিয়েছিল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দল নিবন্ধনের জন্য এনসিপি ৪৩ হাজার ৩১৬ পাতার ডকুমেন্টস জমা দিয়েছিল। নিবন্ধনের আবেদন জমা দেওয়ার সময় নাসীরুদ্দীন পাটওয়ারীর সঙ্গে ছিলেন দলের সদস্য সচিব আখতার হোসেন, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন।
গত ২০ এপ্রিল পর্যন্ত নিবন্ধন প্রত্যাশী দলগুলোকে আবেদন দেওয়ার আহ্বান জানিয়ে গণবিজ্ঞপ্তি জারি করেছিল ইসি। তবে জাতীয় নাগরিক পার্টিসহ বেশ কিছু দল আবেদন করলে ২২ জুন পর্যন্ত সময় বাড়ায় সংস্থাটি। ওই সময় পর্যন্ত ১৪৪টি দল ১৪৭টি আবেদন করে।
নতুন দলের নিবন্ধনের ক্ষেত্রে ইসির শর্ত : ১. দলটির একটি সক্রিয় কেন্দ্রীয় কার্যালয় থাকতে হবে। ২. কার্যকর কমিটি থাকতে হবে কমপক্ষে এক-তৃতীয়াংশ প্রশাসনিক জেলায়। ৩. সদস্য হিসেবে অন্তত ১০০টি উপজেলা কিংবা মেট্রোপলিটন থানার কমপক্ষে ২০০ ভোটারের সমর্থনের নথি দেখাতে হবে।
৪. দলীয় প্যাডে দরখাস্তের সঙ্গে দলের গঠনতন্ত্র, নির্বাচনী ইশতেহার (যদি থাকে), দলের বিধিমালা (যদি থাকে), দলের লোগো ও দলীয় পতাকার ছবি, দলের কেন্দ্রীয় কমিটির সব সদস্যের নামের তালিকা, ব্যাংক অ্যাকাউন্ট ও সর্বশেষ স্থিতি জমা দিতে হবে। আবেদন পাওয়ার পর ইসি তা যাচাই-বাছাই শুরু করে। নিবন্ধন শর্ত পূরণ করতে পারলে দলীয় প্রতীকসহ নিবন্ধন সনদ দেওয়া হয়। বর্তমানে ইসিতে নিবন্ধিত দলের সংখ্যা ৫০টি।
ইসির ৫১ কর্মকর্তা বদলি
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী ফেব্রুয়ারির মধ্যে অনুষ্ঠিত হবে। এর আগেই মাঠ প্রশাসন ঢেলে সাজাবে নির্বাচন কমিশন (ইসি)। এরই ধারাবাহিকতায় এবার একযোগে ৫১ জন কর্মকর্তাকে বদলি করেছে সাংবিধানিক প্রতিষ্ঠানটি। গতকাল মঙ্গলবার ইসি সচিবালয়ের সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ শহীদুর রহমানের জারি করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে জানানো হয়, পল্লবী থানা নির্বাচন কর্মকর্তা মোসাম্মৎ রাজিয়া সুলতানা, ডেমরা থানা নির্বাচন কর্মকর্তা মো. আহসান হাবীব এবং কুমিল্লার মুরাদনগর উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. সাহিদ হোসেনকে বদলি করা হলেও তাদের অংশটুকু সংশোধন করে এই প্রজ্ঞাপন জারি করা হয়েছে। বদলিকৃত কর্মকর্তারা আগামী ২২ জুলাই তারিখের মধ্যে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হবেন। অন্যথায় আগামী ২৩ জুলাই তাৎক্ষণিক অবমুক্ত মর্মে গণ্য হবেন।
যুক্তরাষ্ট্রসহ আরও ৫ দেশে ভোটার নিবন্ধন শুরুর অনুমতি পেয়েছে ইসি
প্রবাসী বাংলাদেশিদের ভোটার তালিকাভুক্ত করে জাতীয় পরিচয়পত্র সেবা চালু করতে আরও পাঁচটি দেশে নিবন্ধনের কাজ শুরু করার অনুমোদন হয়েছে। এর মধ্যে যুক্তরাষ্ট্র, ওমান, দক্ষিণ আফ্রিকা, জর্ডান ও মালদ্বীপে এনআইডি সেবা নিবন্ধনের কাজ শুরু করার অনুমোদন দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। গতকাল মঙ্গলবার রাজধানীর নির্বাচন ভবনে সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশনের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নিবন্ধন অনু বিভাগের এএসএম হুমায়ুন কবির এ তথ্য জানান।
তিনি বলেন, ‘পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রবাসী বাংলাদেশিদের ভোটার নিবন্ধন কাজ শুরু করতে নতুন করে আরও পাঁচটি দেশের সম্মতি পেয়েছি। এর মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্র, ওমান, দক্ষিণ আফ্রিকা, জর্ডান ও মালদ্বীপ।
হুমায়ুন কবির বলেন, ‘ইতিমধ্যে ৯ দেশের ১৬টি মিশন অফিসে কাজ চলমান রয়েছে। দশম দেশ হিসেবে চলতি জুলাই মাসে কাজ শুরু হবে জাপানে। মধ্য জুলাইয়ে শুরু করার কথা থাকলেও স্থানীয় কারিগরি সুবিধার (পাবলিক আইপি পেতে বিলম্ব) শেষে শিগগির চালু হবে।’
এনআইডি ডিজি বলেন, ‘নতুন পাঁচটি দেশে নিবন্ধন শুরুর প্রাথমিক প্রস্তুতির কাজ চলছে। এর জন্য ইকুইপমেন্ট প্রস্তুত করতে হবে, জনবল ও প্রয়োজনীয় দক্ষ লোককে প্রশিক্ষণ, যন্ত্রপাতির ইনট্রিগেশনের বিষয়গুলো রয়েছে। যুক্তরাষ্ট্রের মধ্যে লস এঞ্জেলেসের পাশাপাশি নিউ ইয়র্ক ও ওয়াশিংটনসহ যেখানে বাংলাদেশের অফিস রয়েছে, সেগুলোতে চালু করার সম্মতি মিলেছে।’
তিনি বলেন, ‘এ পর্যন্ত ৯টি দেশে মোট আবেদন করেছেন ৪৮ হাজার ৮০ জন প্রবাসী ভোটার। তাদের মধ্যে আঙুলের ছাপ দিয়ে নিবন্ধন সেরেছেন ২৯ হাজার ৬৪৬ জন; যার মধ্যে ১৭ হাজার ৩৬৭ জন প্রবাসী ভোটার হয়েছেন।
প্রবাসী ভোটার নিবন্ধনের খরচ সম্পর্কে জানতে চাইলে এনআইডি মহাপরিচালক বলেন, ‘এটা এক্স্যাক্টলি আমি জানি না। কারণ, এটা প্রজেক্ট থেকে হয়। খরচটা এনআইডি উইং থেকে হয় না। এই প্রকল্পটি নির্বাচন কমিশন সচিবালয়ের অধীনে চলছে।’
হালনাগাদ ভোটার তালিকা কবে প্রকাশ হবে এমন প্রশ্নের জবাবে হুমায়ুন কবীর বলেন, ‘সম্ভবত খুব শিগগির হয়ে যাবে। এই সপ্তাহে বা আগামী সপ্তাহ লাগতে পারে।’
২০০৭-২০০৮ সালে ছবিসহ ভোটার তালিকা প্রণয়ন শুরুর সময়ই প্রবাসী বাংলাদেশিদের ভোটার করা ও এনআইডি দেওয়ার দাবি উঠেছিল। নানা ধরনের জটিলতা পেরিয়ে ২০১৯ সালের নভেম্বরে মালয়েশিয়ায় অনলাইন নিবন্ধনের কার্যক্রম শুরু করে তৎকালীন কে এম নুরুল হুদার নেতৃত্বাধীন কমিশন। ২০২০ সালের ১২ ফেব্রুয়ারি প্রথম অনলাইন নিবন্ধন চালু হয়। কিন্তু এরপর কভিড মহামারীতে সেই উদ্যোগ থমকে যায়। পরে আবার সেই কাজে গতি আনার চেষ্টা হয়। গত কমিশনের সময় ২০২৩ সালের জুলাইয়ে ফের শুরু হয় নিবন্ধনের কাজ। ৫ আগস্টের পটপরিবর্তনের পর আবার স্থবিরতা দেখা দেয় এ কার্যক্রমে। পরে বর্তমান এ এম এম নাসির উদ্দিন কমিশন কাজটি এগিয়ে নেওয়ার উদ্যোগ নেয়। বর্তমানে সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, যুক্তরাজ্য, ইতালি, কুয়েত, কাতার, মালয়েশিয়া, অস্ট্রেলিয়া ও কানাডায় ১৬টি মিশন অফিসে প্রবাসী বাংলাদেশিদের এনআইডি সেবা দেওয়া হচ্ছে। পর্যায়ক্রমে ৪০ দেশে এনআইডি সেবা চালুর পরিকল্পনা রয়েছে ইসির।