ইংল্যান্ড সিরিজের আগে মাত্র কয়েকদিন আগে টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছেন বিরাট কোহলি এবং রোহিত শর্মা। ভারতীয় ক্রিকেটের দুই মহারথীর অবসরের পেছনে বোর্ডের চাপ আছে বলে কয়েকজন সাবেক ক্রিকেটার মন্তব্য করেছেন। এবার এই অভিযোগের বিষয়ে মুখ খুললেন ভারতীয় ক্রিকেট বোর্ডের সহ-সভাপতি রাজীব শুক্লা।
চলতি ভারত-ইংল্যান্ড সিরিজের লর্ডস টেস্ট শেষে দলের সঙ্গে ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন রাজীব শুক্লা। সাক্ষাৎ শেষে তিনি সংবাদ সংস্থা এএনআইকে বলেন, ‘আমি একটা কথা সবার কাছে স্পষ্ট করতে চাই। আমরা সবাই রোহিত এবং কোহলিকে মিস্ করছি। কিন্তু রোহিত এবং কোহলি নিজেরাই অবসর নেওয়য়ার সিদ্ধান্ত নিয়েছে।’
তিনি আরও বলেন, ‘বোর্ডের নীতি হলো, আমরা কখনো কোনো ক্রিকেটারকে বলি না, সে কখন এবং কোন ফরম্যাট থেকে সে অবসর নেবে। এটা পুরোপুরি ক্রিকেটারদের সিদ্ধান্ত। তেমনই তারা দুজন নিজেদের মতো করে সিদ্ধান্ত নিয়েছে। আমরা ভবিষ্যতেও তাদের অভাব অনুভব করব। দুজনেই অনেক বড় মাপের ক্রিকেটার। এর মাঝেও একটা ভালো খবর হলো, রোহিত-কোহলিকে এখনও ওয়ানডে ফরম্যাটে পাওয়া যাবে।’
গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জয়ের পর একসঙ্গে ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাট থেকে অবসর নিয়েছিলেন রোহিত এবং কোহলি। টেস্ট থেকেও তারা বিদায় নিয়েছেন কাছাকাছি সময়ে। দুজনেই জানিয়েছেন, ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত খেলা চালিয়ে যেতে চান। এখন দেখার, ভারতীয় ক্রিকেট বোর্ড আগামী ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত এই দুই সুপারস্টারকে দলে রাখে কিনা।