অনেক দিন ধরে রানের খরা, একাদশে জায়গা হারানো, পারফরম্যান্স নিয়ে প্রশ্ন—সমালোচনার ভিড়ে যেন হারিয়ে যাচ্ছিলেন লিটন দাস। শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ওয়ানডেতে ব্যর্থতার পর বাদ পড়েছিলেন পরের দুই ম্যাচে। টি-টোয়েন্টিতেও তার পারফরম্যান্স নিয়ে ছিল উদ্বেগ। গত ২৪ জুনের পর থেকে ১৩ ইনিংসে ছিল না কোনো ফিফটি।
তবে ব্যর্থতার অন্ধকার সরিয়ে দ্বিতীয় টি-টোয়েন্টিতেই আলো ছড়ান এই ডানহাতি ব্যাটার। প্রথম ম্যাচে মাত্র ১৩ রানে আউট হলেও দ্বিতীয় ম্যাচে ফিরলেন নিজের চেনা রূপে। খেললেন ঝলমলে এক ইনিংস—৫০ বলের মোকাবেলায় ৫টি ছক্কা ও ১টি চারে করলেন ৭৬ রান। সঙ্গে দুটি ক্যাচ ও দুটি স্টাম্পিংয়ে রেখেছেন গুরুত্বপূর্ণ অবদান। তার অলরাউন্ড নৈপুণ্যেই বাংলাদেশ পেয়েছিল ৮৩ রানের দাপুটে জয়, আর তিনি জিতেছিলেন ম্যাচসেরার পুরস্কার।
শেষ ম্যাচেও দলকে উপহার দেন কার্যকরী এক ইনিংস। ২৬ বলে ২ চার ও ১ ছক্কায় করেন ৩২ রান, যা দলের জয় নিশ্চিত করতে রাখে গুরুত্বপূর্ণ ভূমিকা।
তিন ম্যাচ সিরিজে ১১৪ রান করে লিটন জিতে নিয়েছেন সিরিজসেরার পুরস্কার। ব্যক্তিগত পারফরম্যান্সের চেয়ে দলীয় সাফল্যেই ভীষণ খুশি লিটন, ম্যাচ শেষে বললেন, 'এটা বাংলাদেশের জন্য অনেক বড় অর্জন। এর আগে এখানে সিরিজ জিতিনি, এই জয় বাংলাদেশকে অনুপ্রাণিত করবে।'
তবে আজকের ম্যাচসেরা হয়েছেন স্পিনার মেহেদী হাসান। ৪ ওভারে মাত্র ১১ রান দিয়ে তুলে নেন ৪ উইকেট—টি-টোয়েন্টিতে যা তার ক্যারিয়ারসেরা বোলিং।
লিটন ফিরেছেন, ফিরে পেয়েছেন আত্মবিশ্বাসও। আর তার সেই ফিরে আসাই এবার এনে দিল সিরিজসেরার মুকুট।