শ্রীলঙ্কায় জিতে পাকিস্তানের সঙ্গে 'স্মার্ট' ক্রিকেট খেলার আত্মবিশ্বাস লিটনের

শ্রীলঙ্কার মাটিতে টি-টোয়েন্টি সিরিজ জিতে দারুণ খুশি বাংলাদেশ অধিনায়ক। তিনি বলেন, “যে কোনো সিরিজ জয়েই অধিনায়ক হিসেবে ভালো লাগে। তবে দেশের বাইরে গিয়ে জয় পাওয়া আরও গর্বের। আমি মনে করি, ক্রিকেটপ্রেমী বাংলাদেশিদের জন্যও এটা অনেক আনন্দের খবর যে আমরা শ্রীলঙ্কার মাঠে জয় তুলে নিয়েছি।”

‎অধিনায়ক বলেন, “আমরা শুরু থেকেই পরিকল্পনা করেছিলাম কাকে কোন কন্ডিশনে খেলানো হবে। যদি দেখি পিচ ব্যাটিং সহায়ক, তাহলে মিরাজের মতো অলরাউন্ডারদের ব্যবহার করব, আর যদি দেখি বোলিং সহায়ক তাহলে শেখ মেহেদির মতো বোলারদের প্রাধান্য দেব।”

‎তিনি আরও বলেন, “আমি সবসময় ১০০ শতাংশ দেওয়ার চেষ্টা করি। প্র্যাকটিসে হোক বা মাঠে, আমি সর্বোচ্চটা দিতে চাই। বিশ্বাসটা সবসময় ছিল। যদিও মাঝে রান পাচ্ছিলাম না, তারপরও চেষ্টা করেছি নিজের সুযোগটা কাজে লাগাতে।”

‎দ্বিতীয় টি-টোয়েন্টিতে ৮৩ রানের বিশাল জয়ে উচ্ছ্বসিত তিনি। তার ভাষায়, “এমন বড় ব্যবধানে জয় মানেই দল হিসেবে আমরা অনেক আত্মবিশ্বাস পেয়েছি। আমরা বিশ্বাস করি ভালো ক্রিকেট খেললে যেকোনো দলকে হারাতে পারব।”

‎২০ জুলাই থেকে শুরু পাকিস্তান সিরিজ নিয়ে অধিনায়ক বলেন, “মিরপুরে খেলা সহজ হবে না। কারণ পাকিস্তান অনেক ভালো দল এবং তাদের অনেকেই বিপিএলে খেলেছে, তাই কন্ডিশনের সঙ্গে পরিচিত। তবে আমরা চেষ্টা করব স্মার্ট ক্রিকেট খেলতে।”


‎তিনি আরও যোগ করেন, “ওয়ানডে সিরিজে কিছু ব্যাটিং ব্যর্থতা ছিল। প্রথম ওয়ানডেতেও ভালো অবস্থানে থেকেও উইকেটগুলো হারিয়ে ফেলি। আমরা খারাপ খেলিনি, তবে আরও উন্নতির জায়গা আছে।”

‎নিজের ফর্ম নিয়ে বলেন, “ফরম্যাট যেটাই হোক, আমি মানসিকভাবে সবসময় প্রস্তুত থাকার চেষ্টা করি। ক্রিকেট একটি ব্যক্তিগত খেলা—নিজেকে নিজেই প্রস্তুত করতে হয়। হার্ড ওয়ার্ক ছাড়া কিছুই সম্ভব নয়।”

‎সবশেষে আবেগঘন কণ্ঠে বলেন, “১৬ জুলাই শহীদদের উদ্দেশে আমরা এই সিরিজ উৎসর্গ করতে চাই। এটি আমাদের জন্য গর্বের বিষয়।”