মেজর লিগ সকারে টানা পাঁচ ম্যাচে জোড়া গোল করার কীর্তি গড়েছিলেন ইন্টার মায়ামির আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। এবার সেই যাত্রা থেমে গেল। বুধবার রাতে এফসি সিনসিনাতির কাছে ৩-০ গোলে হেরে গেছে হাভিয়ের মাশ্চেরানোর দল। অন্যদিকে সিনসিনাতির মিডফিল্ডার ইভান্ডার টানা পঞ্চম ম্যাচে গোল করেছেন।
ম্যাচের ১৬তম মিনিটেই মার্কিন স্ট্রাইকার জেরার্ডো ভেনেজুয়েলার গোলে এগিয়ে যায় সিনসিনাতি। ২৬ মিনিটে গোলকিপার অস্কার উসতারিকে উঠিয়ে রিকো নোভোকে নামায় মায়ামি। এতেও কাজ হয়নি। বিরতির পর ৫০ মিনিটে স্কোরলাইন ২-০ করে ফেলেন ইভানডের। এই ব্রাজিলিয়ান মিডফিল্ডারই ৭০তম মিনিটে দারুণ এক গোলে মায়ামির কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন।
ম্যাচ শেষে মায়ামি কোচ হাভিয়ের মাশ্চেরানো হতাশা প্রকাশ করে বলেছেন, ‘অবশ্য্ই আমি এই পরাজয় নিয়ে চিন্তিত। আজ প্রতিপক্ষ শুরু থেকেই পিছিয়ে ছিল। কিন্তু তারা যখন আমাদের থেকে এগিয়ে যায়, সেটা চিন্তার বিষয় বটে। দুর্ভাগ্যবশত আমরা আজ শুরু থেকে যেভাবে খেলতে চেয়েছিলাম, সেভাবে পারিনি। তারা আমাদের সবসময় চাপের মাঝে রেখেছিল। আমরা লড়াই করেছি, কিন্তু আক্রমণাত্বক হতে পারিনি।’