চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় অভিযান চালিয়ে পুকুরঘাটের পাশ থেকে মাটিচাপা দেওয়া দুটি আগ্নেয়াস্ত্র, গুলি ও বিপুল পরিমাণ নগদ টাকা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় আবদুল মজিদ (৩৯) নামের এক যুবককে আটক করা হয়েছে। তিনি উপজেলার বরুমচড়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড এলাকার মৃত মুসলিম আহমেদ চৌধুরীর ছেলে।
আজ বৃহস্পতিবার সকাল ৮টার দিকে ওই এলাকায় অভিযান চালায় পুলিশ।
পুলিশ জানায়, আবদুল মজিদের ঘরে অস্ত্র থাকার তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। তাকে আটকের পর তার স্বীকারোক্তি অনুযায়ী পুকুরঘাটের পাশে মাটির নিচে লুকিয়ে রাখা অবস্থায় উদ্ধার করা হয় একটি দেশীয় এলজি, একটি তুর্কি একনলা বন্দুক, আটটি কার্তুজ, অস্ত্র তৈরির বিভিন্ন সরঞ্জাম ও নগদ তিন লাখ ৬৫ হাজার টাকা।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন বলেন, ‘গ্রেপ্তার যুবকের ঘরের চারপাশে স্থাপন করা সিসিটিভি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে অস্ত্র সংক্রান্ত তথ্যের সূত্র পাওয়া যায়। এরপর থেকেই তাকে পুলিশি নজরদারিতে রাখা হয়েছিল। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’