চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামি এলাকা থেকে অপহরণের শিকার সাত মাস বয়সী এক শিশুকে মায়ানমার সীমান্ত থেকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে এক নারীসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (১৭ জুলাই) রাতে কক্সবাজার জেলার রামু উপজেলার গর্জনিয়া ইউনিয়নের মৌলভীকাটা গ্রামের পাহাড় থেকে শিশুটিকে উদ্ধারের পাশাপাশি দুজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার দুজন হলেন- সুমাইয়া আক্তার (১৯) ও নুরুল আলম (৪০)। এর মধ্যে সুমাইয়ার বাড়ি বান্দরবানের নাইক্ষ্যংছড়ি এবং নুরুল আলমের বাড়ি কক্সবাজারের রামু উপজেলায়।
বায়েজিদ বোস্তামি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান জানান, বায়েজিদের শান্তিনগর এলাকা থেকে গত মঙ্গলবার রাতে শিশুটি অপহরণের অভিযোগ করেন এক নারী। ওই নারীর ভাষ্য, তার বাসার একটি কক্ষ সুমাইয়াকে সাবলেট হিসেবে ভাড়া দেওয়া হয়েছিল। মঙ্গলবার সকাল তার অনুপস্থিতিতে সুমাইয়া মেয়েটিকে নিয়ে বাসা থেকে বের হয়ে যান। অপহরণ করে ২০ হাজার টাকা মুক্তিপণ দাবি করা হয়। অভিযোগ পেয়ে তদন্তের এক পর্যায়ে তথ্যপ্রযুক্তির সহায়তায় কক্সবাজারের চকরিয়া উপজেলার উত্তর বরইতলী গ্রামে সুমাইয়ার অবস্থান শনাক্ত করি। পুলিশের নজরদারি টের পেয়ে সেখান থেকে শিশুটিকে রামু উপজেলার গর্জনিয়া ইউনিয়নের মায়ানমার সীমান্তবর্তী দক্ষিণ মৌলভীকাটা গ্রামে পাহাড়ে নিয়ে যায়। সেখানে অভিযান চালিয়ে নুরুল আলমের ঘর থেকে শিশুটিকে উদ্ধার করা হয়েছে।’