স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালের সামনে ভাঙাড়ি ব্যবসায়ী লাল চাঁদ ওরফে মো. সোহাগ হত্যা মামলায় তিন আসামি ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারা অনুযায়ী স্বীকারোক্তি জবানবন্দি দিয়েছেন আদালতে। গতকাল বৃহস্পতিবার মামলার তদন্ত কর্মকর্তা ও কোতোয়ালি থানার ওসি মো. মনিরুজ্জামান আসামিদের জবানবন্দি রেকর্ড করার আবেদন করেন। তার আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত জবানবন্দি রেকর্ড করে। এরপর তাদের কারাগারে পাঠানো হয়।
যে তিন আসামি ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় জবানবন্দি প্রদান করেন তারা হলেন টিটন গাজী, মো. আলমগীর ও মনির ওরফে লম্বা মনির।
মামলার অভিযোগ থেকে জানা গেছে,গত ৯ জুলাই সন্ধ্যায় রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের ৩ নম্বর গেটের সামনে পাকা রাস্তার ওপর একদল লোক লাল চাঁদ ওরফে সোহাগ নামে এক ভাঙাড়ি ব্যবসায়ীকে পাথর দিয়ে মাথায় আঘাত করে এবং কুপিয়ে নৃশংসভাবে হত্যা করে। এ ঘটনায় নিহতের বড় বোন বাদী হয়ে কোতোয়ালি থানায় ১৯ জনকে আসামি করে এ হত্যা মামলাটি করেন। এ ছাড়া পুলিশ আরেকটি অস্ত্র মামলা করে।