মাদক সেবনে বিদ্রোহী হলের ৬ শিক্ষার্থীর আবাসিক সুবিধা বাতিল

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের বিদ্রোহী হলে মাদক সেবন করায় ৬ শিক্ষার্থীর আসন স্থায়ীভাবে বাতিল করেছে হল প্রশাসন। বৃহস্পতিবার  রাতে এক বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।

হল সূত্রে জানা গেছে, ১৭ জুলাই হলের একটি কক্ষে অভিযান চালিয়ে মাদক সেবনরত অবস্থায় কয়েকজন শিক্ষার্থীকে আটক করে হল প্রশাসন। এর প্রেক্ষিতে হল প্রাধ্যক্ষ অধ্যাপক মো. সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে ৫ জন আবাসিক শিক্ষার্থীর আসন স্থায়ীভাবে বাতিল করা হয় এবং একজন অনাবাসিক শিক্ষার্থীকে ভবিষ্যতে আবাসিকতা প্রদান থেকে বিরত রাখা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শৃঙ্খলা ভঙ্গ ও হল অভ্যন্তরের সুষ্ঠু পরিবেশ নষ্টের অভিযোগ ও সুস্পষ্ট প্রমাণের ভিত্তিতে বিদ্রোহী হলের ৬ শিক্ষার্থীর আবাসিক আসন স্থায়ীভাবে বাতিল করা হলো। এই শিক্ষার্থীদের আগামী ৩ দিনের মধ্যে হল ত্যাগ করার নির্দেশ দেওয়া হলো।

এ বিষয়ে বিদ্রোহী হলের হাউজ টিউটর মাহমুদুল হাসান পিয়াস বলেন, হলে কয়েকজন শিক্ষার্থী মাদক সেবন করছে এই অভিযোগের ভিত্তিতে আমরা তদন্ত করতে গিয়ে ৬ জন শিক্ষার্থীকে মাদক সেবনরত অবস্থায় হাতেনাতে ধরি। বিষয়টি হলের শৃঙ্খলা এবং নিয়মবহির্ভূত হওয়ায় হল প্রশাসন কমিটি গঠন করে বিধিবিধান অনুযায়ী ৫ জন শিক্ষার্থীকে স্থায়ী বহিষ্কার এবং বাকি ১ জন অনাবাসিক শিক্ষার্থীকে ভবিষ্যতে আবাসিকতা প্রদান থেকে বিরত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।