নজরুল বিশ্ববিদ্যালয়ের ৩৯ শিক্ষক-কর্মকর্তাকে শোকজ

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৩৯ পিএম

ময়মনসিংহের ত্রিশালে অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (জাককানইবি) ১৯ জন শিক্ষক ও ২০ জন কর্মকর্তা-কর্মচারীকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সংশ্লিষ্ট তদন্ত কমিটির পক্ষ থেকে এই নোটিশ জারি করা হয়। অভিযুক্ত শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীকে আগামী ১০ কার্যদিবসের মধ্যে লিখিত ব্যাখ্যা জমা দিতে বলা হয়েছে।

বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্র জানা গেছে, গণ-অভ্যুত্থান পরবর্তী সময়ে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের সিদ্ধান্তে তিনটি পৃথক তদন্ত কমিটি গঠন করা হয়। এই কমিটিগুলো প্রশাসনিক অনিয়ম, একাডেমিক দুর্নীতি এবং বিভিন্ন সময় সংঘটিত ঘটনার তথ্য যাচাই সংক্রান্ত বিষয়ে কাজ করে। এসব কমিটির প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন সিন্ডিকেট সদস্য মাহবুবুর রহমান, জাকির হোসেন খান, এবং অধ্যাপক আকতার হোসেন মজুমদার।

তদন্ত কমিটির প্রতিবেদন অনুযায়ী ১৯ জন শিক্ষক ও ২০ জন কর্মকর্তা-কর্মচারীকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। এই ৩৯ জনের বিরুদ্ধে রয়েছে প্রশাসনিক অনিয়ম ও দায়িত্বে অবহেলার অভিযোগ।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মিজানুর রহমান গনমাধ্যমকে জানান, যাদের বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেছে এবং তদন্তে প্রাথমিকভাবে তথ্য-প্রমাণ মিলেছে, কেবল তাদেরকেই কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। তাদের জবাব পাওয়ার পর, তদন্ত কমিটির চূড়ান্ত প্রতিবেদনের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে, বর্তমানে ক্যাম্পাসে শোকজ নোটিশকে ঘিরে আলোচনা বিরাজ করছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত