বিসিসিআইয়ের অর্ধেক আয় আইপিএল থেকে; বিপিএলের আয় কত?

বিশ্বের সবচেয়ে ধনী ক্রিকেট বোর্ড হিসেবে পরিচিত ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) বাৎসরিক আয় যে আকাশছোঁয়া হবে- তাতে কোনো সন্দেহ নেই। দেশটির সর্ববৃহৎ স্বাধীন সংস্থা রেডিফিউশন নতুন এক প্রতিবেদনে জানা গেছে, বিসিসিআই ২০২৩–২৪ অর্থবছরে রেকর্ড ৯ হাজার ৭৪১ কোটি ৭০ লাখ রুপি রাজস্ব আয় করেছে, যার অর্ধেকই এসেছে আইপিএল থেকে।

প্রতিবেদন থেকে জানা যাচ্ছে, বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি লিগ আইপিএল থেকেই বিসিসিআই ৫ হাজার ৭৬১ কোটি রুপি আয় করেছে, যা তাদের মোট বার্ষিক রাজস্বের ৫৯ দশিমক ১০ শতাংশ। সম্প্রচার থেকে এসেছে ৩৬১ কোটি রুপি। ২০২৩–২৪ অর্থবছরে আইসিসির কাছ থেকে বিসিসিআই পেয়েছে ১ হাজার ৪২ কোটি রুপি। এছাড়া বোর্ডের ৩০ হাজার কোটি রুপি রিজার্ভ থেকে বছরে সুদ আসে প্রায় ১ হাজার কোটি রুপি।

এদিকে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সর্বশেষ আসরের পর তৎকালীন বিসিবি সভাপতি ফারুক আহমেদ বলেছিলেন, এই মৌসুমে বিপিএলের টিকিট বিক্রি থেকে এসেছে মোট সোয়া ১৩ কোটি টাকা। তার ভাষ্য অনুযায়ী, আগের ১০ আসর মিলিয়ে নাকি মাত্র ১৫ কোটি টাকার টিকি বিক্রি হয়েছিল। জনপ্রিয়তা, খেলার মান, আয়- কোনোদিক দিয়েই আইপিএলের সঙ্গে বিপিএলের তুলনা করা যায় না। তবে এটা বোঝা যায় যে, কতটা পিছিয়ে আছে বিপিএল।

সম্প্রতি যুক্তরাষ্ট্রের বিখ্যাত সম্প্রচার সংস্থা ডিজনি ও ভায়াকমের কাছে ৬২০ কোটি ডলারে আইপিএলের সম্প্রচার স্বত্ব বিক্রি করেছে বিসিসিআই। রেডিফিউশনের কর্ণধার ও ব্যবস্থাপনা পরিচালক সন্দ্বীপ গোয়াল বলেছেন, ‘বিসিসিআইয়ের এই রাজস্ব শুধু টেকসই নয়; বরং পৃষ্ঠপোষক, সম্প্রচার স্বত্ব ও ম্যাচ থেকে আয়ের সম্প্রসারণের কারণে তা প্রতিবছর ১০–১২ শতাংশ করে বৃদ্ধি পাবে।’