বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সম্ভাব্য নেপাল সফর সামনে রেখে আশানুরূপ প্রস্তুতির চিত্রটা খানিকটা বদলে গেল। দলের সবচেয়ে আলোচিত নাম হামজা চৌধুরী থাকছেন না দুই ফিফা ফ্রেন্ডলিতে। ক্লাব কমিটমেন্টের কারণে সেপ্টেম্বরের ৬ ও ৯ তারিখ কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে হতে যাওয়া ম্যাচ দুটোতে দেখা যাবে না লেস্টার সিটির মিডফিল্ডারকে।
বাংলাদেশ জাতীয় দলের কমিটির সদস্য সাঈদ হাসান কানন সংবাদটি নিশ্চিত করেছেন গণমাধ্যমকে।
তিনি বলেন, ‘চ্যাম্পিয়নশিপের মৌসুম তখন পুরোদমে চলবে। ৯ তারিখ ম্যাচ খেলেই ১৩ তারিখ অক্সফোর্ড ইউনাইটেডের বিপক্ষে নামা তার পক্ষে কঠিন।’
শুধু হামজাই নন, কানাডিয়ান প্রিমিয়ার লিগের অ্যাটাকিং মিডফিল্ডার শমিত সোমও থাকছেন না এই সফরে। ৬ সেপ্টেম্বর শমিতের ক্লাব ক্যাভালরি এফসি খেলবে ইয়র্ক ইউনাইটেডের বিপক্ষে, ফলে জাতীয় দলের ডাকে সাড়া দেওয়া সম্ভব হচ্ছে না এই প্রবাসী তারকারও।
এদিকে অনূর্ধ্ব-২৩ দলের জন্য ইতোমধ্যে দুজন প্রবাসী ফুটবলার যোগ দিয়েছেন—সান্ডারল্যান্ড অনূর্ধ্ব-২১ দলের কিউবা মিচেল এবং ইতালির চতুর্থ ডিভিশনে খেলা ফাহামেদুল ইসলাম। তবে এই দুই প্রতিভাবান তরুণকেও দেখা যাবে না নেপালের বিপক্ষে, কারণ সেই সময়ই অনুষ্ঠিত হবে এএফসি অনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপের বাছাইপর্ব।
সব মিলিয়ে নেপালের বিপক্ষে দুই আন্তর্জাতিক প্রীতি ম্যাচে বাংলাদেশের স্কোয়াড হবে পুরোপুরি দেশীয় ভিত্তিক। বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) খেলোয়াড়দের নিয়েই গড়া হবে এই সফরের দল। বিদেশি লিগে খেলা কারও উপস্থিতির সম্ভাবনা নেই বললেই চলে।