আগামী ২০২৬ বিশ্বকাপ প্লে-অফের সময়সূচিতে জায়গা করে নিয়েই আয়োজিত হতে যাচ্ছে ইউরোপ ও দক্ষিণ আমেরিকার দুই চ্যাম্পিয়নের লড়াই ‘ফিনালিসিমা’। মার্চের শেষ সপ্তাহে মুখোমুখি হবে ইউরোপীয় চ্যাম্পিয়ন স্পেন এবং কোপা আমেরিকা জয়ী আর্জেন্টিনা।
স্পেনিশ ফুটবল ফেডারেশনের সভাপতি রাফায়েল লাউজান ও আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি ক্লদিও তাপিয়া এরই মধ্যে ম্যাচটি আয়োজনের ব্যাপারে সম্মত হয়েছেন। তবে একটি শর্ত এখনও বাকি। স্পেনকে ২০২৬ বিশ্বকাপের মূলপর্বে জায়গা নিশ্চিত করতে হবে। আর্জেন্টিনার এমন কোনো সমস্যা নেই, লিওনেল স্কালোনির দল আগেই নিশ্চিত হয়ে গেছে।
ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার সম্ভাব্য সময় মার্চের ২৬ থেকে ৩১ তারিখের মধ্যে, যেটি মূলত বিশ্বকাপ প্লে-অফের জন্য নির্ধারিত উইন্ডো। যদি স্পেন প্লে-অফে পড়ে, তাহলে ম্যাচটি আয়োজন সম্ভব হবে না। আর বিকল্প সময় হিসেবে বিশ্বকাপের ঠিক আগে ম্যাচটি খেলতে দুই দেশই আগ্রহী নয়, কারণ তারা উভয়ই আসরটির শিরোপার দাবিদার হিসেবে বিবেচিত।
প্রথমবারের মতো ২০২২ সালে অনুষ্ঠিত হয় ‘ফিনালিসিমা' ওয়েম্বলিতে। সেই ম্যাচে ইতালিকে ৩-০ গোলে হারিয়েছিল আর্জেন্টিনা। ইউরোপ ও আমেরিকার চ্যাম্পিয়নদের মুখোমুখি লড়াইয়ের এই আয়োজন মূলত পুরনো 'আর্তেমিও ফ্রাঙ্কি কাপ'–এর উত্তরসূরি, যা ১৯৮৫ ও ১৯৯৩ সালে মাত্র দু’বার হয়েছিল।
এ বছরের মার্চে ম্যাচটি কোথায় হবে, তা এখনও চূড়ান্ত হয়নি। লন্ডন আবার আয়োজক হওয়ার আগ্রহ দেখিয়েছে, তবে সৌদি আরব ও কাতারও আগ্রহী। এর মধ্যে সৌদির আগ্রহ সবচেয়ে বেশি বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
স্পেন তাদের বিশ্বকাপ বাছাইপর্ব শুরু করবে সেপ্টেম্বর থেকে। প্রথম ম্যাচ ৪ সেপ্টেম্বর বুলগেরিয়ার বিপক্ষে, এরপর ৭ সেপ্টেম্বর তুরস্কের বিপক্ষে খেলবে তারা। এরপর অক্টোবরে এলচেতে খেলবে জর্জিয়ার বিপক্ষে। আর্জেন্টিনা এরই মধ্যে বিশ্বকাপ নিশ্চিত করে রেখেছে, তবে দক্ষিণ আমেরিকার বাছাইপর্বে তারা এখনও ইকুয়েডর ও ব্রাজিলের মতো দলের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা চালিয়ে যাচ্ছে।
জ্যাক গ্রিলিশকে চায় ওয়েস্ট হ্যাম ও এভারটন
ওপেনার নাঈম এখন মিডল অর্ডারে জায়গা করতে চান