আখাউড়ায় সহকারী ট্রেনচালকের মরদেহ উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় নিজ বাসা থেকে এনামুল হক (৪৭) নামে রেলওয়ের  এক সহকারী ট্রেনচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার রাতে পৌর এলাকার মসজিদপাড়ার একটি বাসা থেকে ঝুলন্ত অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়। এনামুল হক কুষ্টিয়ার মীরপুর বারুইপাড়ার লুৎফুর রহমানের ছেলে।

আখাউড়া রেলওয়ে লোকোসেড সূত্রে জানা গেছে, এনামুল হক সহকারী ট্রেনচালক হিসেবে আখাউড়া লোকোসেডে কর্মরত ছিলেন। তিনি গত ১৪ জুলাই রাত ১০টা থেকে ১৫ জুলাই সকাল ৬টায় পর্যন্ত সর্বশেষ ডিউটি করেছেন। এরপর আর কর্মস্থলে আসেননি। 

আখাউড়া থানার ওসি মো. ছমিউদ্দিন জানান, এনামুল হক একাই মসজিদপাড়ায় বাসা ভাড়া করে থাকতেন। গত কয়েক দিন তিনি বাসা থেকে বের হননি। বৃহস্পতিবার রাতে বাসার দরজা বন্ধ ও ভেতর থেকে দুর্গন্ধ বের হওয়ায় স্থানীয় বাসিন্দারা বিষয়টি পুলিশকে জানায়। পরে পুলিশ এসে দরজা ভেঙে ঘরে ঢুকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে। চার-পাঁচ দিন আগেই তার মৃত্যু হয়েছে বলে ধারণা করছে পুলিশ। এটি আত্মহত্যা নাকি অন্য কিছু, ময়নাতদন্তের রিপোর্ট পেলে বিস্তারিত জানা যাবে।