বয়স হয়েছে ৭০; আজই শেষ অফিস করবেন বিসিসিআই সভাপতি

আজ ১৯ জুলাই সকালে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) অফিসিয়াল ফেসবুক পেইজে রজার বিনিকে জন্মদিনের শুভেচ্ছা জানানো হয়েছে। অথচ, এদিনই বিসিসিআই সভাপতি হিসেবে তার শেষ কর্মদিবস। গঠনতন্ত্র মেনে বয়সের কারণেই তাকে মেয়াদ শেষ হওয়ার এক বছর আগে সভাপতির পদ ছাড়তে হচ্ছে।

সৌরভ গাঙ্গুলী দায়িত্ব ছাড়ার পর ২০২২ সালের অক্টোবরে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিসিআই সভাপতি নির্বাচিত হয়েছিলেন ১৯৮৩ বিশ্বকাপজয়ী দলের সদস্য রজার বিনি। তার আমলেই টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং চ্যাম্পিয়নস ট্রফির শিরোপা জিতেছে ভারত। গঠনতন্ত্র অনুসারে বিসিসিআই সভাপতির মেয়াদ তিন বছর। পুরো মেয়াদ পার হওয়ার আগেই বিনিকে দায়িত্ব ছাড়তে হচ্ছে বয়সের কারণে।

বিসিসিআইয়ের গঠনতন্ত্রে কোনো ব্যক্তির ৭০ বছরের বেশি বয়সে দায়িত্ব পালন করার সুযোগ নেই। আজ ১৯ জুলাই ৭ বছর পূর্ণ হলো রজার বিনির। তাই তাকে সরে যেতে হচ্ছে। আগামী সেপ্টেম্বরে বিসিসিআই বাৎসরিক সভায় নতুন বোর্ড সভাপতির নির্বাচন হওয়ার কথা আছে। রজার বিনি পদত্যাগ করার পর ভারপ্রাপ্ত সভাপতি হতে পারেন বর্তমানে বিসিসিআই সহ-সভাপতি রাজীব শুক্লা।

ভারতের হয়ে ১৯৭৯ থেকে ১৯৮৭ সময়ে ২৭ টেস্ট ও ৭২ ওয়ানডে খেলেছেন রজার বিনি। তার সময়েই কপিল দেবের নেতৃত্বে প্রথম বিশ্বকাপ জিতেছিল ভারত। বিসিসিআই সভাপতি হিসেবে তিনি মেয়েদের প্রিমিয়ার লিগ শুরু করেন। তার সম্ভাব্য উত্তরসূরি ৬৫ বছর বয়সী রাজীব শুক্লা কংগ্রেস থেকে নির্বাচিত সাবেক রাজ্যসভা সংসদ সদস্য। ২০১১ থেকে ২০১৭ সাল পর্যন্ত আইপিএল কমিশনার ছিলেন।