বাংলাদেশ সফর নিয়ে সরকারের দ্বারস্থ হচ্ছে ভারতীয় বোর্ড

আপডেট : ১০ আগস্ট ২০২৬, ১২:১৯ পিএম

আগামী ১, ৩ এবং ৬ সেপ্টেম্বর তিনটি ওয়ানডে এবং এরপর তিন ম্যাচের তিনটি টি-টোয়েন্টি খেলতে ২৮ আগস্ট ঢাকায় আসার কথা ভারতীয় ক্রিকেট দলের। তবে সফরটি ঘিরে এখনও অনিশ্চয়তা বিরাজ করছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একজন শীর্ষ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে দ্য ডেইলি স্টারকে জানিয়েছেন, "সিরিজটি আয়োজন করার পূর্ণ ইচ্ছা আমাদের রয়েছে, তবে এই মুহূর্তে কোনো কিছুই নিশ্চিত বা চূড়ান্ত বলা যাচ্ছে না।"

ওদিকে প্রস্তাবিত সফর এবং দুই দেশের মধ্যকার দ্বিপাক্ষিক ক্রিকেট সম্পর্ক নিয়ে ভারত সরকারের কাছে স্পষ্ট বার্তা ও ছাড়পত্র চাইতে যাচ্ছে ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ড -বিসিসিআই)। কূটনৈতিক টানাপোড়েন ও সাম্প্রতিক উত্তেজনার প্রেক্ষাপটে এককভাবে কোনো সিদ্ধান্ত নিতে রাজিনা বোর্ড।

ভারতের ইন্ডিয়া টুডে গণমাধ্যমকে বিসিসিআইয়ের একজন শীর্ষ কর্মকর্তা ইন্ডিয়া টুডেকে নিশ্চিত করেছেন যে, সরকারের অনুমতি ও দিকনির্দেশনা ছাড়া তারা এই সফরে এগোতে পারছেন না। "আমরা সফরটি নিয়ে কাজ করছি এবং বাংলাদেশ সফরের বিষয়ে কেন্দ্রীয় সরকারের কাছে অনুমতি ও স্পষ্ট নির্দেশনা চাইব। এই মুহূর্তে এককভাবে কোনো সিদ্ধান্ত নেওয়ার সুযোগ নেই। তবে আমরা খুব দ্রুতই সরকারের সাথে যোগাযোগ করব।"

তিনি আরো জানিয়েছেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এ বিষয়ে চিঠি পাঠিয়েছে এবং উভয় বোর্ডের শীর্ষ কর্মকর্তারা নিয়মিত যোগাযোগ রক্ষা করে চলছেন।
 
চলতি বছরের শুরু থেকেই দুই দেশের ক্রিকেটীয় সম্পর্কে শীতলতা তৈরি হয়। যার সূত্রপাত ঘটেছিল গত জানুয়ারি মাসে, যখন আইপিএল ২০২৬-এর নিলামে কলকাতা নাইট রাইডার্স ৯.২০ কোটি টাকায় কাটার মাস্টার মোস্তাফিজুর রহমানকে দলে নেওয়ার পর বিসিসিআই তাকে দল থেকে রিলিজ দেওয়ার নির্দেশ দেয়।

এর প্রতিক্রিয়া হিসেবে নিরাপত্তা শঙ্কায় ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতে দল না পাঠানোর সিদ্ধান্ত নেয় বিসিবি এবং আইসিসির কাছে ম্যাচ সরানোর দাবি জানায়। পাশাপাশি বাংলাদেশে আইপিএল সম্প্রচার ও প্রচারণাও অনির্দিষ্টকালের জন্য নিষিদ্ধ করে বাংলাদেশ সরকার।
 

এরপর বাংলাদেশে নির্বাচনের পর নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর দুই দেশের সম্পর্কে উন্নতির আভাস মিলেছিল। তবে সম্প্রতি দিল্লিতে থাকা দণ্ডিত ও পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সংবাদ সম্মেলনের সুযোগ করে দেওয়ার পর পরিস্থিতি এখন অস্বস্তির। সব মিলিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে বাংলাদেশ-ভারত সিরিজ নিয়ে।

এর আগে ২০২৫ সালের আগস্টে বাংলাদেশে এসে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টুয়েন্টি খেলার কথা ছিল ভারতের। পরে দুই বোর্ডের সমঝোতায় সফরটি পিছিয়ে এ বছরের সেপ্টেম্বরের জন্য নির্ধারিত হয়। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত