এশিয়া কাপের ট্রফি বিতরণী অনুষ্ঠান ঘিরে তৈরি হওয়া নতুন বিতর্ক থামার নাম নিচ্ছে না। নারী এশিয়া কাপে ভারতের শিরোপা জয়ের পর এসিসি প্রধান ও পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভির হাত থেকে ট্রফি নিতে অস্বীকৃতি জানায় ভারতীয় দল। এই ঘটনায় নাকভিকে সমর্থন জানিয়ে ভারতকে এক হাত নিয়েছেন পাকিস্তানের সাবেক কিংবদন্তি ব্যাটার মোহাম্মদ ইউসুফ।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক কড়া বার্তায় ইউসুফ লিখেছেন, "যখন জাতীয় অহংকার দাম্ভিকতায় রূপ নেয়, তখন জয় কোনো পুরস্কার বয়ে আনে না। একটি দল জিততে পারে, কিন্তু বিনয়হীন জাতি বিজিতই থেকে যায়। কোনো ট্রফি নেই, কেবল মাথার ওপর জুতো।"
নারী এশিয়া কাপের ফাইনালে শ্রীলঙ্কাকে ৭২ রানে হারিয়ে টানা অষ্টমবারের মতো শিরোপা ঘরে তোলে ভারত। তবে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে নাটকীয় মোড় নেয়। টুর্নামেন্টের বর্তমান এসিসি সভাপতি মহসিন নাকভির হাত থেকে ট্রফি গ্রহণ করতে অস্বীকৃতি জানিয়ে হরমনপ্রীত কৌর ও তার দল ড্রেসিংরুমে অবস্থান করে। দীর্ঘক্ষণ অনুষ্ঠান বিলম্বিত হওয়ায় শেষ পর্যন্ত ট্রফি মঞ্চে না নিয়েই মাঠ ছাড়েন ভারতীয় খেলোয়াড়রা।
এর আগে গত বছরও এমন একটি ঘটনা ঘটেছিল। পুরুষদের এশিয়া কাপের ফাইনালে জয়ের পরও ভারতীয় দল একই কায়দায় নাকভির হাত থেকে ট্রফি নিতে অস্বীকৃতি জানিয়েছিল।
পুরো ঘটনাটির পর ভারতের কোচ অমল মুজমদার জানান, বিসিসিআইয়ের সিদ্ধান্ত মেনেই দল মঞ্চে ট্রফি গ্রহণ করেনি। এছাড়া বিসিসিআইয়ের পক্ষ থেকে আগে থেকেই মহসিন নাকভিকে এই সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হয়েছিল বলে জানান তারা। শেষ পর্যন্ত শুধু রানার্সআপ শ্রীলঙ্কা দল ও অধিনায়ক চামারি আতাপাত্তু রানার্সআপের চেক গ্রহণ করলেও চ্যাম্পিয়ন ট্রফি প্রদান ছাড়াই অনুষ্ঠান শেষ হয়।
সূর্যবংশীর সঙ্গে একাদশে জায়গার লড়াই নিয়ে যা বললেন স্যামসন