ঈশ্বরদীতে প্রাইভেটকারের ধাক্কায় পথচারী নিহত

পাবনার ঈশ্বরদীতে প্রাইভেটকারের ধাক্কায় আব্দুল্লাহ্ আল মাসুম (৫৩) নামের এক পথচারী নিহত হয়েছেন। শনিবার (১৯ জুলাই) দুপুরে ঈশ্বরদী শহরের হাসপাতাল সড়কে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় খাইরুল প্রামাণিক নামে একজন রিকশাচালক আহত হয়েছেন।

নিহত আব্দুল্লাহ্ আল মাসুম রাজধানী ঢাকার মিরপুর পল্লবী এলাকার মাহমুদ আলমের ছেলে এবং ঈশ্বরদীস্থ রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের নির্মাণাধীন কোম্পানির ট্রেস্ট রোসেমের হিসাবরক্ষণ বিভাগে কর্মরত ছিলেন। চাকরিসূত্রে তিনি ঈশ্বরদী শহরের শেরশাহ্ রোড এলাকায় পরিবার নিয়ে ভাড়া বাসায় বসবাস করতেন।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শনিবার দুপুর দেড়টার দিকে আব্দুল্লাহ আল মাসুম মসজিদে নামাজ পড়ার উদ্দেশ্যে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এ সময় পোস্ট অফিস মোড়ের দিকে দ্রুতগতির একটি প্রাইভেটকার তাকে ধাক্কা দেয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় আহত রিকশাচালক খাইরুল আলম বলেন, ‘আমি রাস্তার পাশে রিকশার ওপর বসে ছিলাম। হঠাৎ করে একটি প্রাইভেটকার এসে রিকশাকে ধাক্কা দিয়ে আরেকজন পথচারীকে চাপা দেয়। পরে স্থানীয় লোকজন আমাদের দু’জনকে হাসপাতালে নিয়ে যায়।’

ঈশ্বরদী আমবাগান পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. রফিকুল ইসলাম বলেন, ‘ঘাতক প্রাইভেটকারটি জব্দ করা হয়েছে। নিহতের পরিবারের কোনো অভিযোগ পাওয়া যায়নি। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’