চট্টগ্রামের আনোয়ারায় সাপের কামড়ে মুনতাহা মনছুর মাহি (১১) নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। গতকাল শনিবার সকালের দিকে উপজেলার পরৈকোড়া ইউনিয়নের ভিংরোল গ্রামের ইয়াসিন সওদাগর বাড়িতে এ ঘটনাটি ঘটে। মাহি ওই এলাকার প্রবাসী মনছুর উদ্দিনের মেয়ে। সে স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী।
মাহির চাচা নাঈম উদ্দিন জানান, ভোরে মাহি ফজরের নামাজ ও কোরআন তেলাওয়াত শেষে বই নিয়ে পড়তে বসছিল। এ সময় তার কপালে সাপ কামড় দেয়। পরে আমরা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। সেখানে নিয়ে যাওয়ার পথে মাহির মৃত্যু হয়।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মাহতাব উদ্দিন চৌধুরী বলেন, সাপে কাটা রোগীকে হাসপাতালে আনার পর তাকে বিষধর সাপে কামড় দিয়েছে, নাকি সাধারণ সাপে কামড় দিয়েছে তা পর্যবেক্ষণ করতে সময় লাগে। এরপর অ্যান্টিভেনম দেওয়ার পর রোগীর অবস্থা সংকটাপন্ন হলে তাকে চমেক হাসপাতালে রেফার করা হয়।