গোপালগঞ্জের কোটালীপাড়ায় সাধারণ মানুষদের হয়রানি ও গ্রেপ্তারের অভিযোগে সংবাদ সম্মেলন করেছে উপজেলা বিএনপি। আজ রবিবার বিকেলে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে একটি সংবাদ সম্মেলনে এই অভিযোগ করা হয়।
সংবাদ সম্মেলনে উপজেলা বিএনপির সভাপতি এস এম মহিউদ্দিন বলেন, গত ১৬ জুলাই বাংলাদেশের যে ফ্যাসিস্ট সরকার পতিত হয়েছে তার কিছু লোকজন আমাদের ওয়াবদার হাটে রাস্তাঘাট বন্ধ করে অরাজকতা সৃষ্টি করেছে। এই অরাজকতার কারণে কোটালীপাড়া উপজেলা পুলিশ প্রশাসন তাদের ১৫৫ জনের নাম উল্লেখ ও ১ হাজার ৫০০ জনকে অজ্ঞাত রাখে।
তিনি জানান, এ মামলায় কোটালীপাড়ার বিভিন্ন স্থানের ছাত্র-শিক্ষক-কৃষক-ভ্যানচালক মেহনতি মানুষ যাদের রাস্তায় পাচ্ছে তাদের ধরে নিয়ে এসে আসামি করে চালান দিচ্ছে। গণগ্রেপ্তার হচ্ছে দাবি করে নিন্দা জানান এই নেতা।
তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি এভাবে গ্রেপ্তার করা হয় তাহলে কোটালীপাড়া উপজেলা বিএনপি ও পৌর বিএনপি কোটালীপাড়ার সাধারণ জনগণকে সঙ্গে নিয়ে এর প্রতিবাদ জানাবে যাতে এই প্রশাসন আর এভাবে আর মামলা না করতে পারে, গ্রেপ্তার করতে না পারে।
সংবাদ সম্মেলনে পৌর বিএনপির সভাপতি ইউছুপ আলী দাড়িয়া, উপজেলা বিএনপির যুগ্ম-সম্পাদক শেখ ফায়েকুজ্জামান, রফিকুল ইসলাম হাওলাদার, সাংগঠনিক সম্পাদক ছলেমান শেখ, যুবদলের সদস্য সচিব মান্নান শেখ, ছাত্রদলের আহ্বায়ক লালন শেখ উপস্থিত ছিলেন।