খাবারে বিষক্রিয়ায় আক্রান্ত হয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এ সপ্তাহের মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে অনুপস্থিত থাকার পর তার দপ্তর একটি বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। খবর টাইমস অব ইসরায়েলের।
বিবৃতিতে বলা হয়, তিনি অসুস্থ এবং আগামী তিন দিন বাসা থেকে রাষ্ট্রীয় কার্যক্রম পরিচালনা করবেন।
প্রধানমন্ত্রীর দপ্তর জানায়, নেতানিয়াহু রাতে অসুস্থ বোধ করতে শুরু করেন। পরে তার বাসায় হাদাসা ইউনিভার্সিটি হাসপাতালের অভ্যন্তরীণ মেডিসিন বিভাগের পরিচালক ড. আলোন হারশকো তাকে পরীক্ষা করেন।
ড. হারশকো জানান, নেতানিয়াহু পচা বা নষ্ট খাবার খাওয়ার ফলে অন্ত্রে প্রদাহে আক্রান্ত হয়েছেন।
তার দপ্তর জানিয়েছে, পরবর্তী পরীক্ষা-নিরীক্ষার পর নেতানিয়াহুর শারীরিক অবস্থা ‘ভালো’ বলে ঘোষণা করা হয়েছে। তবে অসুস্থতা থেকে পানিশূন্যতার কারণে তিনি এখন স্যালাইনের মাধ্যমে তরল খাবার গ্রহণ করছেন।
প্রধানমন্ত্রীর দপ্তর তার বিবৃতিতে জানিয়েছে, চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী নেতানিয়াহু আগামী তিন দিন বাসায় বিশ্রাম নেবেন এবং সেখান থেকেই রাষ্ট্রীয় কার্যক্রম পরিচালনা করবেন।
৭৫ বছর বয়সী নেতানিয়াহু সাম্প্রতিক বছরগুলোতে বেশ কিছু স্বাস্থ্য সমস্যার মধ্য দিয়ে গেছেন। ২০২৩ সালের ডিসেম্বরের শেষ দিকে তার প্রোস্টেট অপসারণ করা হয় এবং ২০২৪ সালের মার্চে তার হার্নিয়ার অস্ত্রোপচার হয়। একই মাসে তিনি ইনফ্লুয়েঞ্জায় আক্রান্ত হয়ে কয়েকদিন কর্মস্থলে অনুপস্থিত ছিলেন।
২০২৩ সালে তিনি হৃদস্পন্দনের সমস্যার কারণে পেসমেকার বসানোর অস্ত্রোপচার করান। এর ঠিক এক সপ্তাহ আগে তিনি পানিশূন্যতার কারণে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। পরে চিকিৎসকরা জানান, তার দীর্ঘদিন ধরেই হৃদযন্ত্রের সঞ্চালনগত সমস্যা রয়েছে।
সর্বশেষ জানুয়ারি ২০২৩ সালে প্রকাশিত একটি স্বাস্থ্য প্রতিবেদনে বলা হয়েছিল, নেতানিয়াহু ‘সম্পূর্ণ স্বাভাবিক স্বাস্থ্য অবস্থায়’ আছেন, তার পেসমেকার সঠিকভাবে কাজ করছে এবং তার হৃদযন্ত্রে কোনো অস্বাভাবিকতা বা মারাত্মক সমস্যা দেখা যায়নি।