সিটি করপোরেশন ‘মৃত’ প্রতীকী গায়েবানা জানাজা

রংপুরে সড়ক সংস্কারে নগর কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তায় ক্ষুব্ধ হয়ে সিটি করপোরেশন কর্তৃপক্ষ মারা গেছে, এই মর্মে অভিনব প্রতিবাদ জানিয়ে প্রতীকী গায়েবানা জানাজা করেছেন সাতমাথাবাসী। গতকাল রবিবার বেলা সাড়ে ১১টার দিকে সাতমাথা রেলগেটের পাশে মরিয়ম চক্ষু হাসপাতালসংলগ্ন রাস্তায় এ প্রতীকী গায়েবানা জানাজার আয়োজন করা হয়।

এলাকাবাসী জানায়, নগরীর ব্যস্ত সড়ক জাহাজ কোম্পানি থেকে সাতমাথা পর্যন্ত ৫ কিলোমিটারে খানাখন্দে বেহাল দশা। দীর্ঘদিন ধরে সড়কের ভয়াবহ বেহাল দশায় ভ্রুক্ষেপ নেই সিটি করপোরেশন কর্তৃপক্ষের। এ নিয়ে একাধিক গণমাধ্যমে সংবাদ প্রচার হলেও কখনো টনক নড়েনি কর্তৃপক্ষের।

লালমনিরহাট ও কুড়িগ্রামের সঙ্গে রংপুর নগরীর যোগাযোগের অন্যতম প্রধান সড়ক সাতমাথা থেকে জাহাজ কোম্পানি মোড় পর্যন্ত ৫ কিলোমিটার সড়ক দীর্ঘদিন ধরে খানাখন্দে ভরা। চলাচলের অযোগ্য এ সড়কটিতে বর্ষা মৌসুমে দুর্ভোগ আরও বেড়েছে। অথচ সড়কটি সংস্কারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো কার্যকর পদক্ষেপ নেই বলেই অভিযোগ স্থানীয়দের।

মাদ্রাসা শিক্ষার্থী রাহুল ইসলামের ইমামতিতে রেলক্রসিং এলাকায় অনুষ্ঠিত গায়েবানা জানাজায় এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, পথচারী ও শিক্ষার্থীরা অংশ নেন। জানাজা শেষে তারা প্রতীকী লাশ বহন করে বিক্ষোভ মিছিল বের করেন।

এতে অংশ নেন সাতমাথার বাসিন্দা রাজিমুজ্জামান হৃদয়, প্রান্ত হোসেন, মো. নাঈম, সাকিব হোসেন, মোহাম্মদ হাসান, হোসাইন, সৈকত ইসলাম, তানবীর ইসলাম, নাঈম হক, মাহিমসহ অনেকে।